নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করলেন, চলতি বছরে তিনি এখনও তাঁর বইয়ের রয়্যালটির টাকা পাননি। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, রাজ্যে সরকার বদলের পর বিজেপির ভয়ে প্রকাশকরা রয়্যালটি দিতে সাহস পাচ্ছেন না। একইসঙ্গে সরকারি কর্মসূচিতে বাধা, দলীয় কার্যক্রমে অনুমতি না পাওয়া এবং তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
মঙ্গলবারের ফেসবুক লাইভে একাধিক ইস্যুতে সরব হন তৃণমূল কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ, বর্তমানে তাঁকে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রেও আদালতের দ্বারস্থ হতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
এরপরই নিজের ব্যক্তিগত আয়ের প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি সরকারি বেতন নেননি। শুধু তাই নয়, সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রাপ্য পেনশনও কখনও গ্রহণ করেননি। তাঁর কথায়, বই বিক্রি থেকে পাওয়া রয়্যালটিই তাঁর একমাত্র আয়ের উৎস।
ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে নানা কু’কথা বলা হয়। অথচ সবাই জানে, আমি এক পয়সাও মাইনে নিইনি। পেনশনও নিই না। আমার বইয়ের রয়্যালটির টাকাতেই সংসার চলে। কিন্তু এবছর সেই রয়্যালটিও এখনও পাইনি। নিশ্চয় বিজেপির ভয়ে প্রকাশকরা চুপ করে বসে আছেন।”


তিনি আরও দাবি করেন, বইমেলায় তাঁর বই বিক্রি হয়েছে এবং সেই বইয়ের দাম পাঠকেরা দিয়েছেন। জাগো বাংলা স্টল থেকেও বিক্রি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেই বিক্রির রয়্যালটি তাঁর হাতে পৌঁছায়নি। এর নেপথ্যে কোনও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ রয়েছে বলেও ইঙ্গিত করেন তৃণমূল নেত্রী।
শুধু রয়্যালটির প্রসঙ্গই নয়, এদিন তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে তাঁকে এবং তাঁর দলকে চাপে রাখার চেষ্টা চলছে। তবে এসব পদক্ষেপে তিনি পিছিয়ে যাবেন না বলেও স্পষ্ট বার্তা দেন।


লাইভের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে যত আটকানোর চেষ্টা করবেন, আমি ততই দ্বিগুণ শক্তি নিয়ে মানুষের মধ্যে ফিরে আসব। আমি চেয়ারকে কেয়ার করি না, মানুষকেই কেয়ার করি।” তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।



