নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহেই দুদিনের ঝাড়গ্রাম সফরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার আদিবাসি দিবস, ওই দিনটি আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রামেই কাটাতে চান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সমস্ত কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। কবে রওনা দেবেন তিনি?
আরও পড়ুন: কর্মব্যস্ত দিনের শুরুতেই মেঘলা আকাশ, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কলকাতা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই ঝাড়গ্রাম পৌঁছে যাবেন। বুধবার (৯ আগস্ট) আদিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি জেলার সরকারি পরিষেবা সংক্রান্ত বৈঠকও করতে পারেন। মুখ্যমন্ত্রীর আসার আগেই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তাঁর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। কোনও খামতি যাতে না থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেলা পুলিশ ও প্রশাসনিক কর্তারা সমস্ত দিক খতিয়ে দেখছে।

প্রশাসন সূত্রে খবর, বুধবার আদিবাসী দিবসে ঝাড়গ্রামে কাটাতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে মঙ্গলবার বিকেল নাগাদ তিনি পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। বুধবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি পরিষেবাও দেওয়ার কথা তাঁর। এছাড়া, অনুষ্ঠান মঞ্চ থেকে লোধা-শবরদের জন্য সরকারি পরিষেবা নিজেই প্রদান করতে পারেন মমতা।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। গতবছর এক যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে। গোটা রাত সেখানেই ছিল। পরদিন সকালে পাকড়াও করা হয় তাঁকে। ধৃতের কাছ থেকে একটি লোহার রড পাওয়া গিয়েছিল। এরপর গত ২১ জুলাই এক সন্দেহভাজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধরা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মাদক সহ কিছু ধারাল অস্ত্র পাওয়া যায়। এই দুটি ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে।
দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসি দিবসের অনুষ্ঠানে









