নজরবন্দি ব্যুরো: রাজ্যের পুরোহিতদের জন্য অভিনব প্রকল্প ঘোষণা মমতার, পুরোহিতরা পাবেন ভাতা এবং মাথার উপরের ছাদ অর্থাৎ ঘর, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা রাজ্য জুড়ে ‘ধন্যবাদ জ্ঞাপন’ কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেয়। সেই মত আজ শনিবার বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ও কোতুলপুরের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা আলাদা আলাদা ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন’ জানিয়ে মিছিল করেছেন।
আরও পড়ুনঃ তৃণমূলে ফিরছেন মুকুল রায়? কিভাবে খুলছে জট? আজ দ্বিতীয় পর্ব। #Exclusive


প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্যায়ে রাজ্যের সাড়ে আট হাজার পুরোহিত এই প্রকল্পের সুবিধা পাবেন। ভাতা পাবেন। পরবর্তী সময়ে বাকিদেও এই প্রকল্পের আওতায় আনা হবে। শুধু আর্থিক সাহায্যই নয়, যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে।
এদিন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে ধন্যবাদ মিছিলের মধ্যে থেকেই বাংলার পুরোহিতদের স্বাস্থ্য সাথী প্রকল্পে যুক্ত করা এবং পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষাকে পাঠ্য তালিকায় নিয়ে আসার দাবি তোলেন তারা। শুধু বাঁকুড়াতেই নয় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতেও মিছিল হয়। মেচেদার রাজ্য অফিস থেকে বাংলার সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শিধর মিশ্র নেতৃত্বে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি পালন করা হয়।
রাজ্যের পুরোহিতদের জন্য অভিনব প্রকল্প ঘোষণা মমতার, কর্মসূচি পালিত হয় আবির মেখে মিষ্টিমুখ করে বাদ্যঘন্টা শঙ্খ বাজিয়ে। এই বিষয়ে তমলুকের বিজেপি দলের সাংগঠনিক সভাপতি নবারুণ নায়েক বলেন, সামনেই বিধানসভা নির্বাচন। তাই রাজনৈতিক উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। নবারুণ নায়েক বলেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজ্যের গরিব ব্রাহ্মণদের নিয়ে রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।










