নজরবন্দি ব্যুরো: যতদিন যাচ্ছে, লোকসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলি ততই কোমর শক্ত করছে। কেন্দ্রের বিজেপি সরকারকে পরাজিত করতে বিরোধী জোটের সলতে পাকানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত জুন মাসেই পাটনায় আয়োজিত হয় প্রথম বিরোধী বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিরোধী দল প্রতিনিধিত্ব করেছে। এবার বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকেও উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। আগেরবারের মত তাঁর সঙ্গে থাকবেন অভিষেকও।
আরও পড়ুন: ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে


আগামী ১৮ জুলাই বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। এবারে পৌরহিত্য করবে কংগ্রেস। কয়েকদিন আগেই হাত শিবিরের তরফে তৃণমূল, আম আদমি পার্টি সহ ২৪ টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রে খবর, আগামী ১৭ তারিখ বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই যাবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুপুর ২ টোর বিমানে গন্তব্যে পৌঁছাবেন। ওইদিন রাতেই কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নিমন্ত্রণে বিশেষভাবে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বিরোধী নেতৃত্বরা। মমতা-অভিষেক দুজনেই সেখানে উপস্থিত থাকতে পারেন।

গত ২৩ জুন পাটনায় লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একজোট হয় বিরোধীরা। প্রথম বিরোধী বৈঠকের আয়োজক ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেইসময় থেকেই দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়। আগে ঠিক হয়েছিল, ১২ জুলাই সিমলায় বিরোধীদের আগামী বৈঠকের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু পরে তা পিছিয়ে ১৪ জুলাই করা হয়। এরপর ঠিক হয় বিরোধীদের চাঁদের হাট বসতে পারে রাজস্থানের জয়পুরে। তবে সব জল্পনার ইতি টেনে বেঙ্গালুরুতে হবে বিরোধী জোটের বৈঠক।



উল্লেখ্য, ২০২৪-এ মোদীকে গদিচ্যুত করতে জাতীয় স্তরে একজোট হয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস। কিন্তু রাজ্য স্তরে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বাংলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে চলেছে কংগ্রেস-সিপিএম। পাল্টা জবাব দিতে ছাড়ছে না ঘাসফুল শিবির। বাংলায় ভোট হিংসায় প্রচুর রক্ত ঝরেছে। বলি হয়েছে বহু তরতাজা প্রাণ। এনিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দলগুলি। কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
পাটনার পর এবার বেঙ্গালুরু, দ্বিতীয় বিরোধী বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক








