‘বুথ এজেন্টদের গ্রেফতারের ছক’, পিংলার সভায় বিজেপিকে তোপ মমতার

পিংলার জনসভা থেকে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতারের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ‘নোংরা খেলা’র অভিযোগে বিজেপিকে তীব্র আক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক আবহে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পিংলার জনসভা থেকে তিনি দাবি করেন, তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না পারে—এই অভিযোগ ঘিরেই নতুন করে চড়ল রাজনৈতিক পারদ।

পিংলা-র কাচডিহা স্ট্যাক ইয়ার্ড মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। সবং কেন্দ্রের প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতির সমর্থনে আয়োজিত এই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে ‘নোংরা খেলা’র অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, “দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু বিজেপির মতো নোংরা খেলা কখনও দেখিনি।”

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তৃণমূলের বুথ এজেন্টদের আটক করার চেষ্টা চলছে। এর মোকাবিলায় দলীয় কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার নির্দেশ দেন তিনি। “এক জনকে গ্রেফতার করলে আর এক জন থাকবে। মা-বোনেদেরও বুথ এজেন্ট হিসেবে প্রস্তুত থাকতে হবে”—এই বার্তাই দেন তিনি।

সভামঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশে আশ্বাসও শোনা যায় তাঁর কণ্ঠে। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম ফের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, রাস্তায় লড়ছি—নাম তুলেই ছাড়ব।”

একইসঙ্গে কেন্দ্রীয় রাজনীতিতেও সরব হন মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ-কে কটাক্ষ করে বলেন, “নয়ডা জ্বলছে, আর এখানে এসে বাংলায় বুলডোজার চালানোর কথা বলা হচ্ছে।” পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বিজেপিকে আক্রমণ করেন তিনি।

পিংলার সভা থেকে স্পষ্ট, ভোটের আগে সংগঠনকে আরও সতর্ক ও সক্রিয় রাখার বার্তা দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে রাজনৈতিক সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তার ইঙ্গিতও মিলছে এই বক্তব্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন