অপেক্ষার মাত্র ৩ দিন। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট পর্ব। শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলছে রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইদিনে উত্তরবঙ্গে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-Abhishek Banerjee)।

আরও পড়ুন: দহন জ্বালায় জ্বলছে বাংলা, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলা ‘পুড়বে’ গরমে?
মঙ্গলবার বালুরঘাট ও রায়গঞ্জে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে সভা রয়েছে তৃণমূল নেত্রীর, এরপর শিলিগুড়িতে পদযাত্রা করবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে জনসভা করবেন, তারপরে তাঁর রোড শো রয়েছে আলিপুরদুয়ারে।

দার্জিলিংয়ের প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে র্যালি শেষ হবে বাঘাযতীন পার্কে। দলীয় নেতা, কর্মীরা যোগ দেবেন এই পদযাত্রায়। এছাড়া তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে কোচবিহারে জনসভা করবেন। সেই সভা শেষ করে আলিপুরদুয়ারে রোড শো করবেন।
হাইভোল্টেজ নির্বাচনী প্রচার বাংলায়, একইদিনে উত্তরবঙ্গে মোদী-মমতা-অভিষেক

আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের ৩ আসনে ভোটগ্রহণ হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে আসেন দলের তারকা সদস্য মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রচারের মাঝেই গরমের কারণে প্রার্থী এবং তারকা প্রচারক দুজনেই অসুস্থ হয়ে পড়েন।



