বলিউডে ফের সম্পর্কের গুঞ্জন ঘিরে চর্চার কেন্দ্রে মালাইকা আরোরা। ইতালির রোম শহরে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা। ভ্যালেন্টাইনস ডে-তে ট্রেভি ফাউন্টেনের সামনে তোলা সেই ছবি ঘিরে নেটদুনিয়ায় তুমুল আলোচনা— তবে সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, নাকি এ শুধুই গুজব?
সম্প্রতি Reddit-এ ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে সেলফি তুলছেন মালাইকা। পোস্টটি শেয়ার করে এক ব্যবহারকারী দাবি করেন, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই রোমে নতুন প্রেমিকের সঙ্গে সময় কাটিয়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
তবে ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেনই। কারও মতে এটি নিছকই ‘পিআর স্টান্ট’ বা প্রচারের কৌশল। আবার কেউ কেউ দাবি করছেন, ওই ‘মিস্ট্রি ম্যান’ নাকি হর্ষ মেহতা নামে ৩৩ বছর বয়সী এক হিরে ব্যবসায়ী। যদিও এই বিষয়ে মালাইকা বা সংশ্লিষ্ট ব্যক্তির তরফে কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।
এর আগেও মুম্বইয়ের একটি কনসার্টে এক ব্যক্তির সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল, যার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা আরও জোরদার হয়।
সম্প্রতি ‘দ্য নম্রতা জাকারিয়া শো’-তে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন মালাইকা। তিনি বলেন, “মানুষ কথা বলতে ভালোবাসে। আমি কারও সঙ্গে বাইরে গেলেই নানা গল্প তৈরি হয়ে যায়। আমি এসব জল্পনায় ইন্ধন দিতে চাই না।” অভিনেত্রীর কথায়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর মা পর্যন্ত মজা করে ফোন করে জানতে চান, “এবার আবার কার সঙ্গে নাম জড়াল?”
মালাইকা স্পষ্ট জানান, জীবনের এই পর্যায়ে এসে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন তিনি অনুভব করেন না। ব্যক্তিগত পরিসর বজায় রাখা এখন সেলিব্রিটিদের জন্য কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “আমি এখন শুধু সেই কাজগুলো করতে চাই, যা আমাকে সত্যিই আনন্দ দেয়।”
ইতালির ভাইরাল ছবি সত্যিই কি নতুন সম্পর্কের ইঙ্গিত, নাকি শুধুই বন্ধুত্বের মুহূর্ত— সেই প্রশ্নের উত্তর আপাতত অজানাই রয়ে গেল।



