মহালয়ায় বৃষ্টি সতর্কতা: রাজ্যের কোন কোন জেলায় টানা চারদিন দুর্যোগের পূর্বাভাস?

দুর্গাপুজোর আগে মহালয়াতেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে টানা চারদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, হাওয়া অফিসের বিশেষ সতর্কতা জারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহালয়ার দিনেই দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে বৃষ্টির নতুন অধ্যায়। দেবীপক্ষের সূচনায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষ, তার মাঝেই আলিপুর আবহাওয়া দপ্তর জারি করল প্রবল বৃষ্টির সতর্কতা। দুর্গাপুজোর আগে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় টানা চারদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রাজ্যে মোট বৃষ্টিপাত হয়েছে ১২৮৫.৮ মিমি, যা স্বাভাবিকের তুলনায় চার শতাংশ বেশি। ১৬টি জেলায় বৃষ্টিপাত স্বাভাবিক, ৫টি জেলায় স্বাভাবিকের বেশি এবং বাকি ২টি জেলায় ঘাটতি দেখা গেছে।

Shamim Ahamed Ads

বর্তমানে একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করছে। আগামী সোমবার এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে। পাশাপাশি, বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের বৃষ্টি সতর্কতা অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বুধবার বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

ষষ্ঠীর দু’দিন আগে আবারও বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ফলে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। নবমী ও দশমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

হাওয়া অফিসের হিসাব অনুযায়ী, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপটি গভীর হতে পারে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্তও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজোর আগে এই বৃষ্টি সতর্কতা কেনাকাটা ও উৎসবের প্রস্তুতিতে ভোগান্তি বাড়াবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত