LPG বুকিংয়ে ফের বড় পরিবর্তন: ২৫ দিনের বদলে ৩৫ দিন! নতুন নিয়মে কাদের সুবিধা, কাদের দুশ্চিন্তা?

কেন্দ্রের নতুন নির্দেশে LPG বুকিংয়ের সময়সীমা বড়সড় পরিবর্তন—ডাবল সিলিন্ডারে ৩৫ দিন, উজ্জ্বলা যোজনায় ৪৫ দিন; সরবরাহ সংকট সামাল দিতেই এই পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রান্নার গ্যাস নিয়ে এবার বড় সিদ্ধান্ত কেন্দ্রের। LPG বুকিংয়ের সময়সীমা হঠাৎই বাড়িয়ে দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। বিশেষ করে যাঁদের একটাই সিলিন্ডার রয়েছে, তাঁদের জন্য এই পরিবর্তন ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে—এমন আশঙ্কাও সামনে আসছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ডাবল সিলিন্ডার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে একটি রিফিল পাওয়ার পর আবার গ্যাস বুক করার সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। একইসঙ্গে ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে এই সময়সীমা ৯ দিন থেকে ১২ দিন এবং ১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে তা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

সরকারি দাবি, LPG-র জোগান ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে এবং ঘাটতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সিঙ্গল সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে ১৪.২ কেজি ও ৫ কেজি সিলিন্ডারের বুকিংয়ের সময়সীমা অপরিবর্তিত থাকলেও ১০ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে রিফিলের পর নতুন বুকিংয়ের সময় ১২ দিন থেকে বাড়িয়ে ১৮ দিন করা হয়েছে।

বিশেষ নজর কেড়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য নতুন নিয়ম। এই প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা এখন ১৪.২ কেজি সিলিন্ডার রিফিল পাওয়ার ৪৫ দিন পরে বুক করতে পারবেন—আগে যা ছিল ২৫ দিন। তবে ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা ১৬ দিনই রাখা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে গ্যাস বুক করার পর ডেলিভারি পেতে প্রায় ১০ দিন সময় লাগছে। অধিকাংশ পরিবারের ১৪.২ কেজির সিলিন্ডার সাধারণত ৪০-৪২ দিন চলে। ফলে নতুন নিয়মে বিশেষ করে সিঙ্গল সিলিন্ডার ব্যবহারকারীরা সময়মতো গ্যাস না পেলে সমস্যায় পড়তে পারেন।

অল ইন্ডিয়া এলপিজি ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজন বিশ্বাসের মতে, ডাবল সিলিন্ডার ব্যবহারকারীদের বুকিংয়ের সময় বাড়িয়ে দিয়ে সিঙ্গল সিলিন্ডার গ্রাহকদের জন্য গ্যাসের জোগান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই দাবি ডিস্ট্রিবিউটরদের একাংশের। তাঁদের বক্তব্য, বটলিং প্ল্যান্ট থেকে দৈনিক যেখানে ১৪০০-১৫০০ সিলিন্ডার প্রয়োজন, সেখানে বর্তমানে মিলছে মাত্র ৪০০-৫০০টি। ফলে ডেলিভারিতে দেরি এবং ব্যাকলগ বাড়ছে।

সব মিলিয়ে, কেন্দ্রের এই সিদ্ধান্ত সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য আনতে চাইলেও, এর প্রভাব সাধারণ গ্রাহকের দৈনন্দিন জীবনে কীভাবে পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর