দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে একটি নিম্নচাপ। সরাসরি প্রভাব না থাকলেও তার ছায়া পড়তে শুরু করেছে বাংলার আবহাওয়ায়—সকালের কুয়াশা, রাতের হালকা শীত আর দিনের উষ্ণতার টানাপোড়েনে বদলে যাচ্ছে ঋতুর মেজাজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অর্থাৎ, শীতের আমেজ দ্রুত ফিকে হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে থাকলেও দিনের পারদ ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছাড়িয়েছে। ধীরে ধীরে রাতের ঠান্ডাও কমবে। উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।


উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত মিলেছে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গেও খুব সকালে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে সারাদিন আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে, দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের পারদ এখনও স্বাভাবিকের নিচে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস—যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬ থেকে ৮৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালে শিশির বা হালকা কুয়াশা, দিনের বেলায় ঝকঝকে রোদ—এই বদলে যাওয়া আবহেই ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত।










