নজরবন্দি ব্যুরোঃ করোনার বাড়বাড়ন্তে রাজ্যের আসন্ন চার পৌরনিগমের ভোট বন্ধ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলাটির শুনানি রয়েছে। এর আগে আদালত রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল কোভিড পরিস্থিতিতে তাদের ভোট করার পরিকাঠামো রয়েছে কি না।
আরও পড়ুনঃ দেশে এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত ৫ হাজারের বেশি
ওই চার পৌরনিগমের করোনা সংক্রমণের চিত্রটা আদালতের কাছে বৃহস্পতিবার তুলে দেওয়ার কথা রাজ্যের। অপর দিকে করোনাবিধিতে নতুন নিয়ম করেছে সরকার, তা হল যে অঞ্চলে করোনা আক্রান্ত বেশি, ওই অঞ্চলগুলি চিহ্নিত করে আলাদা করে কোভিড নিষেধাজ্ঞা জারি করা হবে। তার পর রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আংশিক লকডাউন ।
এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরেও শুরু হল লকডাউন, বন্ধ হল বাজার, দোকান-পাট। প্রশাসন সূত্রে খবর, শুধু জয়নগর ১ নম্বর ব্লক এলাকায় ইতিমধ্যে ১০২ জন কোভিড সংক্রামিত হয়ে পড়েছেন। যে গতিতে সংক্রমণ বাড়ছে তাতে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ভাইরাসের শৃঙ্খল ভাঙতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হল।
হু হু করে বাড়ছে করোনা, লকডাউন এবার জয়নগরে
জয়নগর ১ নম্বর ব্লকের অধীনে জনবহুল দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েত এলাকায় লকডাউনকে মান্যতা দিয়ে সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এলাকা প্রায় ফাঁকা। এদিন দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে দক্ষিণ বারাসতের এলাকার বিভিন্ন দোকানপাট ঘুরে দেখে পুলিশও। মাস্ক নিয়ে মানুষের মধ্যে সচেতনাতা বাড়ানোর চেষ্টা করা হয়। সাধারণ মানুষ যাতে করোনা নিয়ে সাবধানতা অবলম্বন করে সেই ব্যপারে নজর দেওয়া হয়।



