নজরবন্দি ব্যুরোঃ করোনা-কালে রেড ভলেন্টিয়রদের লাগাতার মানুষের পাশে থাকা, কৃষক আন্দোলনের সময় ধারাবাহিক আন্দোলনের মতো বেশ কিছু কারণ বামেদের আবার ফিরিয়ে আনছে বিরোধী বৃত্তে। কলকাতা পুরসভা নির্বাচনের ফল বলছে দুই তৃতীয়াংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম অথবা কংগ্রেস। সেখানে শুভেন্দুর স্বপ্ন গুঁড়িয়ে তৃতীয় বিজেপি। আর এই ছবিটাই বিজেপির জন্য দুশ্চিন্তার হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুনঃ ‘দুঃসময়ে মানুষের পাশে ছিলাম এটা তাঁরই প্রতিফলন’, নজরবন্দি কে জানালেন সৌরভ


রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভা নির্বাচনের আগে দলের কর্মীদের বার্তা দিয়েছিলেন কমপক্ষে ১০ টি আসনে জয়ী হতেই হবে। কোমর বেঁধে নির্বাচন লড়েছিল বিজেপি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরাট সাফল্য পাওয়া বিজেপি স্বপ্ন দেখছিল ২০২১ সালে রাজ্যের মসনদে বসার। কিন্তু কোথায় কি… লোকসভায় জেতা ১৮টি আসনের মধ্যে বিধানসভা ভিত্তিক ফলাফলে বিজেপি দখলে রাখতে পেরেছে মাত্র ৯ টি আসন।
তারপরেই কলকাতা পুরসভা নির্বাচন। কলকাতা পুরনিগমের নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডে প্রার্থীও দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের প্রার্থীদের সামনে মাত্র ১০টি আসনে জেতার লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছিলেন হয়তো কিছুটা বাস্তব আন্দাজ করেই। কিন্তু ধার্য করা ১০ টি আসনের অর্ধেকও জোটেনি গেরুয়া শিবিরের ভাগ্যে। মাত্র ৩ টি আসনে জয়ী হয়েছে তাঁরা। দ্বিতীয় হয়েছে ৪৭ টি আসনে।
দুই তৃতীয়াংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বাম, তৃণমূলের চক্রান্ত দেখছেন বিজেপি রাজ্য সভাপতি

বিজেপির প্রাপ্তি বলতে ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিত ডবল হ্যাটট্রিক জয়, ২৩ নম্বর ওয়ার্ডে বিজয় ওঝার জয় এবং ৫০ নম্বর ওয়ার্ডে সজল ঘোষের জয়। অন্যদিকে বামেদের হয়ে ১০৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন নন্দিতা রায় আর ৯২ নম্বর ওয়ার্ডে জিতেছেন মধুছন্দা দেব। লালঝাণ্ডা সোজাসুজি লড়াই দিয়েছে ৬৬ টি ওয়ার্ডে। কংগ্রেস দ্বিতীয় স্থান পেয়েছে ১৬ টি আসনে। সব মিলিয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজ্যে ক্রমশ অপ্রাসঙ্গিক হচ্ছে বিজেপি, হয় এই নির্বাচনে আঁচ পড়বে ২০২৪ লোকসভা নির্বাচনেও।


যদিও বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার মনে করছেন, বিজেপি দ্বিতীয় স্থানে থাকলে বিপদ বাড়বে তৃণমূলের। সেই কারনেই বামেদের দ্বিতীয় স্থানে উঠিয়ে এনেছে তৃণমূল। কারন ২০২৬ সালের নির্বাচন জিততে গেলে বামেরাই হবে তৃণমূলের জয়ের কাণ্ডারি। সেক্ষেত্রে বিজেপি বিরোধীতার স্থানে থাকলে সমস্যা বাড়বে তৃণমূলের!







