নজরবন্দি ব্যুরোঃ সদ্য সমাপ্ত কলকাতা পুরসভা(Kolkata Municipal Election 2021) নির্বাচনে ভাল ফল করেছে বামেরা। বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে গেলেও কলকাতা পুরসভা নির্বাচনে কয়েকগুন ভোট বাড়িয়েছে বামফ্রন্ট। ২ টি আসনে জয় সহ ৬৬ টি আসনে দ্বিতীয় হয়ে গেরুয়া শিবিরকেও পেছনে ফেলেছে তাঁরা। সব মিলিয়ে ঘুরে দাঁড়ানোর রসদ পেয়ে ফুটছে বামফ্রন্ট। এই পরিস্থিতিতেই কাঠগড়ায় উঠল তৃণমূল গুণ্ডাদের হুমকির ভয়! আসানসোলে পুরভোটে সব আসনে প্রার্থী দিতে পারল না বামেরা।
আরও পড়ুনঃ লাফিয়ে কমল টেস্টের সংখ্যা, দাপিয়ে বাড়ল সংক্রমণ। কোভিড ৩.০ তে বিধ্বস্ত বাংলা।
আসানসোল পুরভোটে (Asansol Municipal election 2021) সব আসনে মনোনয়ন পত্র জমা দিতে পারল না বামফ্রন্ট এবং কংগ্রেস। প্রার্থী দিতে না পেরে দু’পক্ষই শাসক দল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বাম এবং কংগ্রেসের অভিযোগ মূলত তৃণমূল গুন্ডাদের হুমকির কারনেই পিছু হটেছেন তাঁদের প্রার্থীরা। সেই কারনেই সব আসনে প্রার্থী দেওয়া যায়নি।
সূত্রের খবর আসানসোল পুরসভার ১০৬ টি আসনের মধ্যে ৯৫ টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। বাকি ১১ টি আসনে প্রার্থী দিতে না পারার পেছনে ‘তৃণমূলের শাসানি’ কে কাঠগড়ায় তোলা হয়েছে। বামফ্রন্ট সূত্রে খবর ৯৫ টি আসনে মধ্যে সিপিআইএম প্রার্থী দিয়েছে ৬৮টি-তে। বাকি তিন বাম শরিক সিপিআই ৮ টি, আরএসপি ৬ এবং ফরওয়ার্ড ব্লক ১৩টি ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে।
পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএমের সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, “৭৭ নম্বর ওয়ার্ডে বামেরা নির্দল প্রার্থীকে সমর্থন করবে। এছাড়াও প্রার্থী দেওয়া হয়েছে, এমন কোনও ওয়ার্ডে যদি আমাদের মনে হয়, কোন নির্দল প্রার্থী শক্তিশালী, তাঁর জয়ের সম্ভাবনা আছে, তাহলে সেখানে নির্দল প্রার্থীকে সমর্থন করব। যাতে সাম্প্রদায়িক বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে হারানো যায়”।
‘তৃণমূল গুণ্ডাদের হুমকির ভয়’! আসানসোলের সব আসনে প্রার্থী দিতে পারল না বাম কংগ্রেস।

প্রসঙ্গত, আসানসোল পুরসভা নির্বাচনে মনোনয়ন জমা করার জন্যে ৫৬৯ টি ফর্ম তোলা হয়েছে। যার মধ্যে আছেন অনেক নির্দল প্রার্থীও। কারন বেশ কিছু ওয়ার্ডের একদা জয়ী প্রার্থীরা এবার টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ছেন। মঙ্গলবার জমা পড়া মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি করা হবে। ৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিনই বিকালের পরে ১০৬ টি ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।



