বঙ্গ রাজনীতিতে নতুন চমক? বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে লিয়েন্ডার পেজ, জোর জল্পনা যোগদান নিয়ে

নীতীন নবীনের সঙ্গে কলকাতায় বৈঠক ঘিরে জোর জল্পনা, বঙ্গ ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ—রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গ ভোটের আগে রাজনীতির ময়দানে কি নামতে চলেছেন ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ? কলকাতার এক হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে। ক্রীড়াজগতের এই সুপারস্টারের সম্ভাব্য ‘গেরুয়া অভিষেক’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু—যা বদলে দিতে পারে নির্বাচনী সমীকরণও।

মঙ্গলবার রাতে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক রাজ্য নেতাও। দলীয় সূত্রে দাবি, লিয়েন্ডারের সঙ্গে প্রাথমিক স্তরের কথাবার্তা ইতিমধ্যেই এগিয়েছে। যদিও এ বিষয়ে তাঁর তরফে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

ভারতীয় টেনিস ইতিহাসে লিয়েন্ডার পেজ এক উজ্জ্বল নাম। প্রায় আঠাশ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। অলিম্পিকে ভারতের হয়ে টেনিসে একমাত্র পদকজয়ী হিসেবে তাঁর কৃতিত্ব অনন্য। ডেভিস কাপে ভারতের হয়ে সর্বাধিক ম্যাচ জয়, ডাবলসে বিশ্বরেকর্ড এবং একাধিক গ্র্যান্ড স্ল্যাম—সব মিলিয়ে তিনি দেশের অন্যতম সফল ক্রীড়াবিদ।

তবে কেবল কোর্টেই নয়, রাজনীতির অঙ্গনেও তাঁর আগ্রহ নতুন নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, বিশেষ করে গোয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সক্রিয়তা দেখা গিয়েছিল। তবে গত কিছু সময় ধরে তাঁকে কার্যত নিষ্ক্রিয়ই দেখা গেছে।

এই পরিস্থিতিতে বিজেপিতে তাঁর সম্ভাব্য যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যেমন দলের ‘স্টার পাওয়ার’ বাড়বে, তেমনই সংখ্যালঘু ইস্যুতে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, তা প্রশমিত করতেও এই পদক্ষেপ কার্যকর হতে পারে—এমনটাই মত বিশ্লেষকদের।

এখন নজর একটাই—লিয়েন্ডার পেজ কি সত্যিই নতুন রাজনৈতিক ইনিংস শুরু করবেন গেরুয়া শিবিরে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত