নজরবন্দি ব্যুরো: সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তল্লাশি চালায় ইডি। একাধিক নথি বাজেয়াপ্ত করেছে। কিন্তু তল্লাশি শেষে অফিসের লোকেরা বুঝতে পারে একটি কম্পিউটারে কমপক্ষে ১৬ টি ফাইল ডাউনলোড করা হয়েছে। এনিয়ে ইডি ইতিমধ্যেই মেল মারফত ব্যখ্যা দিয়েছে। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় লালবাজার। তাই পাল্টা মেল পাঠিয়ে একজন ইডি আধিকারিককে সশরীরে এসে ব্যখ্যা দিতে তলব করা হয়েছে।
আরও পড়ুন: সকাল থেকেই গরমের অস্বস্তি, আকাশ মেঘলা হলেও দেখা নেই বৃষ্টির


নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সংস্থা এসডি এন্টারপ্রাইজের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটির লেনদেনের প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দাবি করেছে, ২০২০-২০২১ সালের দুই সংস্থার মধ্যেই ৯৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে। সেই সূত্রেই আলিপুরের অফিসে দীর্ঘ ১৮ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলে অফিসের লোকেরা বুঝতে পারে সংস্থার একটি কম্পিউটারে ১৬ টি ফাইল ডাউনলোড করা হয়েছে। এনিয়ে লালবাজারে অভিযোগ দায়ের হয়। লালবাজার ইডির কাছে জবাব চায়।

মেল মারফত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, তাদের এক আধিকারিক তল্লাশি চালাতে গিয়ে সংস্থার কম্পিউটার থেকে নিজের মেয়ের কলেজের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন। তা করতে গিয়ে কোনও ভাবে ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে গিয়ে থাকবে। তবে সংস্থার কর্মীদের উপস্থিতিতেই যা করার করা হয়েছিল। কিন্তু লালবাজার সূত্রে খবর, ইডির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ। তাঁরা পাল্টা ইডিকে মেল করে জানিয়েছেন একজন ইডি অফিসারকে সশরীরে লালবাজারে হাজির হয়ে বিষয়টির ব্যখ্যা দিতে হবে।



গত সোমবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভায় বক্তব্য দিতে গিয়ে ইডিকে আক্রমণ করে বলেন, “‘‘আমি যে দিন এসেছি, পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে তল্লাশি করতে! আমার অফিসে গিয়ে তল্লাশি করেছে। তার সঙ্গে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে।’’
সশরীরে গিয়ে ফাইল বিতর্কের জবাব দিতে হবে, ED-কে তলব লালবাজারের








