নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন ধরে জাতি সত্তার আন্দোলন করে আসছে কুড়মী জাতির মানুষ। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার এই অবহেলিত জনজাতির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ না করায় বৃহস্পতিবার জঙ্গল মহলে হুড়কা জাম কর্মসূচির ঘোষণা করেছে কুড়মী সমন্বয় মঞ্চ। যার ফলে অবরুদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ ঝাড়গ্রাম জেলা ও তৎসংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক রাজ্য সড়ক।
আরও পড়ুন: কেন্দ্র-কৃষকদের অচলাবস্থা কাটাতে ১১ জানুয়ারি কৃষি আইন নিয়ে শুনানি শীর্ষ আদালতে
বৃহস্পতিবার সকাল থেকে হলুদ পাগড়ি মাথায় নিয়ে বিভিন্ন রাজ্য সড়কে সামিল হন কুড়মী জাতির মানুষ। পথ অবরোধের পাশাপাশি দোকান পাট বন্ধ রয়েছে জঙ্গল মহলজুড়ে। এদিকে আবার এই দিনে নেতাই গণহত্যা দিবস পালন করতে আসছে শুভেন্দু অধিকারী ও তৃণমূল নেতা মদন মিত্র। অবরুদ্ধ জঙ্গল মহলে শহীদ দিবস পালনে কোনো বাধার মুখে পড়ে কিনা সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।
দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে কুড়মিদের অবস্থান, পরাধীন ভারতে কুড়মিরা ছিলেন জনজাতি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে জনজাতি (এসটি) তালিকা থেকে বাদ পড়েন কুড়মিরা। এখন কুড়মিরা ওবিসি (আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস) শ্রেণিভুক্ত। আদিবাসী তালিকাভুক্তি, কুড়মালি ভাষার স্বীকৃতি, সারনা ধর্মের কোড চালুর দাবিতে বিভিন্ন কুড়মি সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।



