বোনের বিয়ের রেশেই কি নিজের সুখবর? নূপুরের গাঁটছড়ার মাঝেই কৃতি–কবীর সম্পর্ক নিয়ে জোর চর্চা

নূপুর সেননের বিয়ের ছবির মাঝেই কৃতি সেনন ও কবীর বাহিয়ার যুগল ছবি ঘিরে জোর জল্পনা। বোনের বিয়ের পর কি নিজের বিয়ের ইঙ্গিত দিলেন কৃতি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বোনের বিয়ের আনন্দে আবেগে ভেসেছিলেন তিনি। কখনও হাসি, কখনও চোখের কোণে জল—নূপুর সেননের বিয়ের প্রতিটি মুহূর্তেই পাশে ছিলেন কৃতি সেনন। কিন্তু সেই পারিবারিক উৎসবই কি ঘুরিয়ে দিল আলো নিজের ব্যক্তিগত জীবনের দিকেও? নূপুরের গাঁটছড়া বাঁধার পর থেকেই বলিউডে গুঞ্জন—নিজের বিয়ের ইঙ্গিত কি দিয়ে ফেললেন কৃতি?

দীর্ঘ দিন ধরেই চর্চা, ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন Kriti Sanon। বিমানবন্দর হোক বা পারিবারিক অনুষ্ঠান—বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গেলেও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী। কিন্তু নূপুরের বিয়ের আসর থেকেই যেন সেই জল্পনায় নতুন রসদ জুগিয়েছেন কবীর নিজেই।

বোন Nupur Sanon ও গায়ক Stebin Ben-এর বিয়ের একাধিক ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন কবীর বাহিয়া। তার মধ্যেই একটি ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে—কবীরের পাশে কৃতি। ছবির ক্যাপশনে কবীর লিখেছেন, “অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।” ব্যস, এতেই অনুরাগীদের অনুমান আরও জোরালো।

সবুজ গাউনে কৃতি, সাদা ব্লেজ়ার স্যুটে কবীর—একেবারে যুগলের মতোই ধরা দিয়েছেন তাঁরা। ছবি প্রকাশ্যে আসতেই মন্তব্যে ভরে গিয়েছে অনুরাগীদের ভালোবাসা ও কৌতূহল। কেউ লিখেছেন, “আর দেরি কিসের? বোনের বিয়ে হয়ে গেল, এবার আপনার পালা।” আবার কেউ সরাসরি বলছেন, “মেড ফর ইচ আদার।” অনেকেরই প্রশ্ন—এই ছবিই কি তবে কৃতি ও কবীরের সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর?

যদিও এই সব জল্পনার মাঝেও এখনও নীরব Kriti Sanon। সম্পর্ক কিংবা বিয়ের পরিকল্পনা—কোনও কিছু নিয়েই প্রকাশ্যে মন্তব্য করেননি তিনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, বোনের বিয়ের আবহেই কি নিজের ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত দিলেন কৃতি, নাকি সবটাই অনুরাগীদের কল্পনা?

উল্লেখ্য, নূপুর ও স্টেবিন ভিন্ন ধর্মের হলেও হিন্দু ও খ্রিস্টান—দুই রীতিতেই বিয়ে সেরেছেন। মুম্বইয়ে আয়োজিত প্রীতিভোজে হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা। সেই ঝলমলে আসরেই কৃতি–কবীরের ছবি যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন