নজরবন্দি ব্যুরো: বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণায় গত ১০ নভেম্বর দেখা যায়, পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারে বেশ ভাল ফল করে কয়েকটি আসন জিতেছে আসাদউদ্দিনের দল। সেই সময়ই বাংলায় প্রার্থী দেওয়ার ঘোষণা করে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন ওয়াইসি। সেই মতো গত ৩ জানুয়ারি ফুরফরা শরিফে এসে আব্বাস সিদ্দিকির নেতৃত্বের উপর তাঁর আস্থাজ্ঞাপন করে জোটের কথা ঘোষণা করে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ বঙ্গ ভোটে নয়া সমীকরণ, এবার বাম-কং জোটে সামিল তেজস্বী যাদবের RJD, থাকছেন ব্রিগেডে


কিন্তু ২১ জানুয়ারি রাজনৈতিক দল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ ঘোষণার পর বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করার দিকে এগোচ্ছেন আব্বাস। সেই পর্যায়েই মেটিয়াবুরুজে রাজনৈতিক জনসভা করার প্রস্তুতি নিচ্ছিল মিম। এবার কলকাতা পুলিশ কলকাতায় আসাদউদ্দিন ওয়াইসি-কে সভা করার অনুমিত দিল না।বৃহস্পতিবার কলকাতা বন্দর এলাকার কারবালার পিঙ্ক স্কোয়্যারে জনসভা করার কথা অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধানের।
কিন্তু সভার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি এআইএমআইএম। তবে দলীয় নেতারা অনুমতি না পেলেও সভা হবে বলে জানিয়েছেন।পুলিশের এই সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয়েছে দলীয় নেতৃত্বের। কারণ, তাঁরা বহু আগেই আসাদাউদ্দিনের কলকাতায় জনসভা করার ঘোষণা করে দিয়েছিলেম। সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে আইন মোতাবেক সভা করার আবেদনও জানিয়েছিলেন। কিন্তু জনসভার আগের দিন রাত পর্যন্ত পুলিশি অনুমতি না মেলায় হতাশ তাঁরা।
এআইএমআইএম-এর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হাসান বলেন, ‘‘রাজ্য সরকার যে আসাদউদ্দিন সাহেবের বাংলায় আগমনকে ভয় পাচ্ছেন, তা এই ঘটনা থেকেই স্পষ্ট। আমরা শেষ পর্যন্ত আইনগত ভাবে সভা করার অনুমতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু যদি অনুমতি না পাওয়া যায়, তা হলে আমরা পুলিশি অনুমতি ছাড়াই জনসভা করব।’’









