নজরবন্দি ব্যুরো: পুজোর মুখেই হু হু করে বাড়ছে ডেঙ্গু। আর এবার ডেঙ্গু আক্রান্ত হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গতকাল ক্যামাক স্ট্রিটের উপর একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুত্রের খবর, গত দু’দিন ধরে বিনীত জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় তিনি পরীক্ষা করান। রিপোর্ট আসার পর দেখা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত।
আরও পড়ুন: সিবিআইয়ের পাল্টা সিআইডি, কয়লা পাচার মামলায় জিতেন্দ্র তিওয়ারিকে তলব


প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই কলকাতায় ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়ছে। বুধবার রাজ্যে নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। ইতিমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। তাই জ্বর, বমি, মাথা ঘোরার মতো উপসর্গ দেখলেই রক্ত পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। প্রয়োজনে হাসপাতালে ভরতি হওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গুতে আক্রান্ত কলকাতার নগরপাল, ভর্তি হাসপাতালে

হাওড়া, বালি, শ্রীরামপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগরে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা ও হাওড়া ছাড়াও হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং জেলায় ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই ডেঙ্গিপ্রবণ এলাকা হিসেবে রাজ্যের ১৮টি ব্লক চিহ্নিত করা হয়েছে। সেই ব্লকগুলিতে মশার প্রজনন নিয়ন্ত্রণের কাজে জোর দিতে পঞ্চায়েত দফতর থেকে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম৷









