কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের পরিস্থিতি তৈরি হলে সেখানে বিজেপির পছন্দের নেতাদেরই দায়িত্ব দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রস্তাবকে সমর্থন জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার ভাইফোঁটার দিন দক্ষিণ কলকাতার শরৎ ব্যানার্জি রোডে বোনের বাড়িতে ফোঁটা নিতে গিয়ে কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর বক্তব্য, বামেদের পার্টি অফিসের লোক কিংবা তৃণমূলের দুর্নীতিতে অভিযুক্তদের পুরসভার দায়িত্ব দেওয়া সম্ভব নয়। বিজেপির নেতারাই কো-অর্ডিনেটর হবেন। অন্যদিকে, এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে সিপিএম, তৃণমূল ও কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচনের পরিবর্তে মনোনীত ব্যক্তিদের বসিয়ে পুরসভা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
৩০ নভেম্বরের পর কো-অর্ডিনেটর নিয়োগের ইঙ্গিত
কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন ঘিরে আইনি জটিলতার মধ্যেই কো-অর্ডিনেটর নিয়োগের প্রসঙ্গ সামনে এসেছে। ভাইফোঁটার আগের সন্ধ্যায় ভবানীপুরের বিভিন্ন কালীপুজো মণ্ডপে ঘুরে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে পুরভোট সংক্রান্ত জট না কাটলে কলকাতা পুরসভার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হতে পারে। সেই দায়িত্বে বিজেপির লোকেরাই থাকবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
বুধবার সেই অবস্থানেই কার্যত সিলমোহর দিলেন শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বামেদের পার্টি অফিস থেকে কাউকে কিংবা তৃণমূলের প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্তদের বসানো যাবে না। বিজেপির নেতারাই কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাবেন।
তবে শমীকের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, কো-অর্ডিনেটর নিয়োগ বিজেপির প্রথম পছন্দ নয়। বরং পুরভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব নিন, সেটাই চাইছে দল। তাঁর দাবি, কো-অর্ডিনেটর বসানোর চিন্তাভাবনা একেবারে শেষ পর্যায়ের বিকল্প।
পুরভোটের বিজ্ঞপ্তিতে হাই কোর্টের স্থগিতাদেশ
প্রসঙ্গত, কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচন আগামী ২৮ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত মামলার জেরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ পুরভোটের বিজ্ঞপ্তি জারির উপরে স্থগিতাদেশ দেয়। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই আইনি জটিলতা কাটাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শমীক ভট্টাচার্যও জানিয়েছেন, হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শমীক বলেন, হাওড়ায় দীর্ঘ ১৩ বছর ধরে নির্বাচন হয়নি। যাঁরা নির্বাচন চাইছেন না, তাঁদের জবাব মানুষই দেবেন। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের পুরসভা পরিচালনার দায়িত্ব পাওয়া জরুরি।
শুভেন্দু ও শমীকের প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। শমীকের যুক্তি, ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতেই হবে। তবে সেই বিকল্প ব্যবস্থায় বিজেপির নেতারাই দায়িত্ব পাবেন বলে তাঁর মন্তব্য।
এই প্রস্তাবের বিরোধিতা করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, নির্বাচিত পুরবোর্ড ভেঙে প্রশাসক বসানোর পর এবার নির্বাচনের পরিবর্তে পছন্দের ব্যক্তিদের দিয়ে পুরসভা পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। তাঁর মতে, সময়মতো নির্বাচন না করে দলীয় মনোনীত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।
বিজেপির এই প্রস্তাবকে সরাসরি আক্রমণ করেছে তৃণমূলও। দলের রাজ্য সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপি ২০৯টি ওয়ার্ডে প্রার্থী খুঁজে পাচ্ছে না। নিরপেক্ষ নির্বাচন হলে দলটি বড় ব্যবধানে হারবে বলেই পিছনের দরজা দিয়ে কো-অর্ডিনেটর নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য, অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের পর এবার গায়ের জোরে পুরসভা দখলের পরিকল্পনা করছে বিজেপি।
সব মিলিয়ে কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপি একদিকে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের মাধ্যমে পুরভোটের পথ খোলার কথা বলছে, অন্যদিকে নির্বাচন না হলে দলীয় নেতাদের দায়িত্ব দেওয়ার কথাও জানাচ্ছে। বিরোধীদের প্রশ্ন, নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় পছন্দের ব্যক্তিরা পুরসভা পরিচালনা করলে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব কতটা বজায় থাকবে?



