পুজোয় কোন রুটে ক’টা পর্যন্ত মেট্রো চলবে? প্রকাশিত হল সময়সূচি

উত্তর থেকে দক্ষিণকে কম সময়ের মধ্যে জুড়ে দেওয়ার ক্ষেত্রে মেট্রোর জুড়ি নেই। আর এখন তো আরও অন্যান্য রুটেও চালু হয়েছে মেট্রো পরিষেবা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোয় ঠাকুর দেখার ক্ষেত্রে কলকাতা মেট্রো কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। বলা যেতে পারে, একেবারে লাইফলাইন। উত্তর থেকে দক্ষিণকে কম সময়ের মধ্যে জুড়ে দেওয়ার ক্ষেত্রে মেট্রোর জুড়ি নেই। আর এখন তো আরও অন্যান্য রুটেও চালু হয়েছে মেট্রো পরিষেবা। কিন্তু পুজোর দিনগুলোতে কোন রুটে কতগুলো মেট্রো চলবে? রাত ক’টা অব্দিই বা চলবে? অবশেষে জানা গেল।

চতুর্থী-ষষ্ঠীঃ ৭ অক্টোবর চতুর্থী। সেই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে ১১৮টি রেক চলবে। জোকা থেকে হাওড়া মাঝেরহাট রুটে মোট ১৮টি রেক চলবে। অন্যদিকে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মোট ১০৬টি রেক চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো শুরু হবে সকাল ৬টা বেজে ৫০ মিনিট থেকে। আর শেষ মেট্রো দু’প্রান্ত থেকে রাত ১০টা ৪০ মিনিটে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে সকাল ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত মেট্রো চলবে। ১২ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। জোকা থেকে হাওড়া মাঝেরহাট রুটে মেট্রো শুরু হবে সকাল সাড়ে ৮টা থেকে। দুপুর ৩টে বেজে ৩৫ মিনিটে শেষ মেট্রো। ৫০ মিনিট অন্তর মেট্রো চলবে। আর কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায়ের রুটে মেট্রো চলাচল শুরু হবে সকাল ৮টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

সপ্তমী-নবমীঃ ১০ অক্টোবর সপ্তমী। সেই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৪৮টি রেক চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে ১১৮টি রেক চলবে। জোকা থেকে হাওড়া মাঝের হাট রুটে কোনও মেট্রো চলবে না। একই ছবি কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ৬৪টি রেক চলবে। দুপুর ১টা থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট অন্তর চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো শুরু হবে দুপুর ১টা থেকে। চলবে ভোর ৪টে পর্যন্ত। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে দুপুর ১:৩০ মিনিট থেকে রাত ১:৪৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। ১২ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে। জোকা থেকে হাওড়া মাঝেরহাট রুটে মেট্রো শুরু হবে সকাল সাড়ে ৮টা থেকে। দুপুর ৩টে বেজে ৩৫ মিনিটে শেষ মেট্রো। ৫০ মিনিট অন্তর মেট্রো চলবে। আর কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায়ের রুটে মেট্রো চলাচল শুরু হবে সকাল ৮টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

দশমীঃ ১২ অক্টোবর দশমী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৭৪টি রেক চলবে। দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ৪৮টি রেক চলবে। দুপুর ২টো থেকে রাত ৯:৪৫ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুট মোট ৮২টি রেক চলবে। জোকা থেকে হাওড়া মাঝের হাট, কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে কোনও মেট্রো চলবে না।

একাদশীঃ একাদশীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৩০টি রেক চলবে। দুপুর ৯টা থেকে রাত ৯:৪০মিনিট পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে কোনও মেট্রো চলবে না। তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ৪৬টি রেক চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত