নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী মাসেই গঙ্গার তলা দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত। তবে এটি ট্রায়াল রান। যাত্রী নিয়ে এখনই শুরু হচ্ছে না ইস্ট ওয়েস্ট মেট্রো। তবে এই ট্রায়াল’ রান কে কেন্দ্র করেই আপাতত মেট্রোর অন্দরকে সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে।
আরও পড়ুনঃ ইউক্রেনে সংকট গভীর হচ্ছে, ভারতীয়দের ফেরাতে এবার অপারেশন গঙ্গায় যুক্ত হল বায়ুসেনার C-17


প্রথম দিনেই এর গন্তব্য হবে এসপ্ল্যানেড স্টেশন। হাওড়া এবং মহাকরণ এই দুটি স্টেশন পড়বে তার যাত্রাপথে। কেএমআরসিএল সূত্রে খবর, ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দু’দিকেই লাইন পাতার কাজ শেষ হয়েছে। দিন দুয়েক আগে মহাকরণ পর্যন্ত হয়ে গিয়েছে তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহের কাজও।

আগামী সপ্তাহেই শেষ হবে এসপ্ল্যানেড পর্যন্ত লাইনে বিদ্যুৎ দেওয়ার কাজও। আর সেটা হয়ে গেলেই ট্রায়াল রান করার ক্ষেত্রে তেমন কোনও সমস্যা থাকবে না। হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশন তৈরির কাজও অনেকটাই শেষ। ফলে কিছুদিনের মধ্যেই এক নয়া ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতাবাসী।


ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতাবাসী, আগামী মাসেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো!
ইতিমধ্যেই ট্রলি করে মেট্রোর আধিকারিকরা লাইনের খুঁটিনাটি পরীক্ষা করছেন। অপর দিকে জানা যায় বেশ কয়েকদিন আগে দমকলের কর্তারা এসে পরিদর্শন করে গিয়েছেন শিয়ালদহ মেট্রো স্টেশন। তবে সরকারি ছাড়পত্র এখনও মেলেনি। ছাড়পত্র পাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষায় এখন। কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস এর আগামী ১৫ ই মার্চ স্টেশনটি পরিদর্শনে আসার কথা রয়েছে। তাদের তরফ থেকে ছাড়পত্র মিললেই এবার শিয়ালদহ স্টেশন খুলে যাবে যাত্রীদের জন্য।








