‘এখনই গ্রেফতারি নয়’, যৌন হেনস্থার মামলায় শামিমকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

জুনিয়র মহিলা আইনজীবীর যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়েরের পর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন ফিরদৌস শামিম। বিচারপতি জয় সেনগুপ্ত ৩১ মার্চ পর্যন্ত গ্রেফতারিতে স্থগিতাদেশ দেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যৌন হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলায় আইনজীবী ফিরদৌস শামিমকে আপাতত গ্রেফতার করা যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বুধবার নির্দেশ দিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও গ্রেফতারিমূলক পদক্ষেপ করা যাবে না।

অভিযোগ, এক জুনিয়র মহিলা আইনজীবী শামিমের চেম্বারে কাজ করার সময় তাঁর দ্বারা শ্লীলতাহানি ও যৌন হেনস্থার শিকার হন। ওই অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়।

এই ঘটনার পর ফিরদৌস শামিম কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। শুনানিতে তাঁর আইনজীবী দাবি করেন, শামিমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি জয় সেনগুপ্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আইনজীবীর অভিযোগের ভিত্তিতে ফিরদৌস শামিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২) এবং ১২৬(২) ধারায় মামলা রুজু হয়েছে। মামলায় শ্লীলতাহানি, যৌন হেনস্থা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। যদিও শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন ফিরদৌস শামিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন