নজরবন্দি ব্যুরোঃ লাগাতার বুথ দখল, লাগামহীন ছাপ্পা। কার্যত নতিস্বীকার করে গতবারের জেতা আসনের হাল ছেড়ে পথে বসল সিপিআইএম। ৯৬, ১০১, ১০২, ১১০ একাধিক ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ সিপিআইএমের। তারই প্রতিবাদে এই পথ অবরোধ। কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এক ছবি। কোথাও সিসি টিভু ক্যামেরা ঢেকে ছাপ্পা চলছে কোঠাও হুমকি। সব মিলিয়ে নির্বাচন থেকে অব্যাহতি নিল সিপিআইএম।
আরও পড়ুনঃ অবাধ ছাপ্পা-মারধোর-বুথ দখল, কমিশনের দ্বারস্থ বিজেপি, দুপুর ১ টা থেকে বিক্ষোভ।


১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ভাস্বতী গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “সকাল থেকে ভোটের নামে প্রহসন চলছে। আমাদের ২৪টা বুথের মধ্যে ৫০ শতাংশ বুথে প্রথমেই পোলিং এজেন্ট তুলে দিয়েছে। বাকিরা লড়াই করে বসলেও বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।” সিপিআইএম অভিযোগ করেছে, রাজাবাজার সায়েন্স কলেজ এবং টাকি বয়েজ স্কুলের সব বুথ নিজেদের দখলে নিয়ে নিয়েছে তৃণমূল।
কার্যত একই অভিযোগ কসবার ৯১ নং ওয়ার্ডে। বামেদের দাবি, ৯১ নং ওয়ার্ডের বেশিরভাগ বুথে পুলিশের সহায়তায় ছাপ্পা চালাচ্ছে শাসক দল। কমিশন বা পুলিশ কে একাধিকবার জানিয়েও কোন ফল হয়নি। পাশাপাশি, ৬৭ নম্বর ওয়ার্ডে সব বুথ থেকেই বামপ্রার্থীর এজেন্টদের তুলে দেওয়া হয়েছে। এক এজেন্ট বুথ ছাড়তে না চাওয়ায় তাঁর বাড়িতে হুমকি দিয়ে বুথ থেকে ওঠানো হয়েছে।
লাগাতার বুথ দখল, লাগামহীন ছাপ্পা। জেতা আসনের হাল ছেড়ে পথে বসল সিপিআইএম

১০৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী শিখা পূজারীর অভিযোগ, ‘বুথে বুথে মৃত মানুষের ভোট পড়ে যাচ্ছে। পুরুষের ভোট মহিলারা দিচ্ছে, ঠাকুমার ভোট নাতনি দিচ্ছে। এ ভোটের কোনও মানে নেই, এই নির্বাচন প্রহসন।’ যদিও তৃণমূল নেতা তাপস রায় বলেছেন, ‘সিপিআইএমের আর কিছু বলার নেই বলে এসব অভিযোগ তুলে ওদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছে। এমন শান্তিপূর্ণ ভোট আগে দেখেনি কলকাতা‘।









