২০২৫-র আইপিএলে নতুন অধিনায়ক পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, সঙ্গে মিলবে নতুন মাঠও। হ্যাঁ, ঠিকই শুনেছে। ইডেন গার্ডেন্স ছাড়াও আরেকটি হোম গ্রাউন্ড পাচ্ছে KKR। আর সেটি প্রতিবেশী রাজ্য ত্রিপুরায়। এর আগে কটকের বড়বাটি স্টেডিয়ামে KKR -র দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে খেলেছে। এবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় নতুন ঘরের মাঠ পাচ্ছে কলকাতা।
জানা যাচ্ছে, ত্রিপুরার রাজধানী আগরতলার নরসিংহগড়ের স্টেডিয়ামে খেলতে দেখা যেতে পারে রিঙ্কু সিংদের। সেক্ষেক্রে পাশের রাজ্যে ম্যাচ হবে কলকাতা নাইট রাইডার্সের। সেখানকার ফ্যানবেসও পাবে কেকেআর। প্রসঙ্গত কলকাতার সঙ্গে ত্রিপুরার মানুষের ভাষাগত মিল থাকায়, নাইটদের সমর্থক পেতে অসুবিধা হবে না আগরতলায়। আগামী বছরে ইডেন গার্ডেন্সে সংস্কার হওয়ার কথা।
ফলে ইডেনে ম্যাচের সংখ্যা কমানো হতে পারে। সেক্ষেত্রে বাংলার পাশের রাজ্য ত্রিপুরার আগরতলায় ম্যাচ সরতে পারে কলকাতা নাইট রাইডার্সের। ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি হচ্ছে ত্রিপুরার রাজধানিতে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল কিছুদিন আগেই আগরতলার এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে ঘুরে গিয়েছেন।
তিনি আশ্বস্ত করেছেন যে, ২০২৫-র আইপিএলের আগে যদি স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে যায়, তাহলে সেটিকে কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ধরা হবে। যদি না তৈরি হয়, তাহলে অন্য কোনও রাজ্যের স্টেডিয়াম এই মর্যাদা পাবে।









