ক্ষুদিরামের অপমানে ক্ষুব্ধ বাঙালি। ZEE-5 কে আইনি নোটিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্ষুদিরামের অপমানে ক্ষুব্ধ বাঙালি। ZEE-5 কে আইনি নোটিশ। স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুকে অপরাধীর তালিকায় দেখানো হয়েছে Zee5-এর ওয়েব সিরিজ ‘অভয় ২’তে। আর সেই দৃশ্য সামনে আসতেই প্রবল সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। বাংলাতেও ওই ওয়েব সিরিজ বয়কট-সহ নানা বিক্ষোভের সুর উঠেছে। পরিস্থিতি বেগতিক বুঝেই চাপের মুখে পড়ে নিঃশর্ত ক্ষমা চাইল Zee5। যদিও ক্ষমা চাওয়াতেই শেষ হচ্ছে না এই পর্ব। ক্ষুদিরামের মতো বিপ্লবীকে এভাবে দেখানোয় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলার ভূমি সন্তানদের জন্যে লড়াই করা সংগঠন ‘জাতীয় বাংলা সম্মেলন’।

আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। গ্রেফতার অভিযুক্ত।

তাঁদের তরফে আইনি নোটিশ পাঠানো হয়েছে ZEE-5-কে।তাৎপর্যপূর্ণ বিষয় হল, অভয়-২ ওয়েব সিরিজটিতে ইংরেজ জমানা বা স্বাধীনতা আন্দোলনের কোনও গল্প দেখানো হচ্ছে না। বরং একেবারে আধুনিক প্রেক্ষাপটেই এগিয়েছে গল্পের গতি। আর সেখানেই একটি পুলিশ স্টেশনের দৃশ্যে অপরাধী হিসেবে দেখানো হয়েছে ক্ষুদিরাম বসুকে। ওয়েব সিরিজটির ২৬ মিনিট ৩০ সেকেন্ড থেকে প্রায় দুই মিনিট ধরে দেখানো হয়েছে থানার ওই দৃশ্যটি। সেই সময় থানায় অপরাধীদের ছবি লাগানো যে বোর্ড থাকে, তাতে অপরাধী হিসেবে দেখানো হয়েছে ক্ষুদিরাম বসুকে!

ক্ষুদিরামের অপমানে ক্ষুব্ধ বাঙালি। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন ঘটনাটি প্রকাশ্যে আসে। আর সঙ্গেসঙ্গেই শুরু হয় সমালোচনার ঝড়। বিদ্বজ্জন থেকে সোশ্যাল মিডিয়া- চরম আক্রমণের মুখে পড়ে ZEE-5। ইতোমধ্যে টুইটারে ZEE-5 সাপোর্ট প্রোফাইল ট্যাগ করে অভিযোগ জানানো হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এরপর নতিস্বীকার করে সংস্থা। ট্যুইটারে সংস্থার তরফে জানানো হয়, কারও কোনও অনুভূতিতে আঘাত বা কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না নির্মাতাদের। সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছে এই ভুল। সেইসঙ্গেই ZEE-5-এর তরফে জানানো হয়, আপাতত ওই ছবি ‘ব্লার’ করে দেখানো হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব পুরো বিষয়টি সম্প্রচার করা হবে। এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

কিন্তু ক্ষমাতেই সন্তুষ্ট নয় ‘জাতীয় বাংলা সম্মেলন’। সোশ্যাল মিডিয়ায় লাগাতার ZEE-5-এর সমালোচনা চালিয়েছে তাঁরা। সংস্থার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ‘ক্ষুদিরাম বসু বাঙালির আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামের একজন শহিদ। তাই এমন ভুলের জন্যে শুধু টুইটারে ক্ষমা চাইলে হবে না। প্রেস বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাইতে হবে।’ সেইসঙ্গেই এদিন কলকাতায় ZEE-5-এর আঞ্চলিক অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা।

একই অভিযোগে বিভিন্ন জেলায় জেলা সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে পোস্টারিং এবং পথসভার মাধ্যমে। হুগলী জেলা সংগঠনের তরফে সভাপতি অনির্বান ভট্টাচার্য জানান,”ক্ষুদিরাম বসু বাঙালি জাতির গর্ব ওনার আত্মত্যাগের জন্যই ভারতবর্ষ আজ স্বাধীন হয়েছে ওনার অপমান সারা ভারতবাসীর কাছে অপমান আশা প্রকাশ করবো প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে হবে এবং zee কর্তৃপক্ষ সারা বাঙালি জাতির কাছে এই ভুলের নিঃশর্ত ক্ষমা চাইবে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন