নজরবন্দি ব্যুরোঃ সংসদে পাশ হয়েছে আগেই। এবার কার্যকর হওয়ার পালা। আগামী ১ জুলাই থেকে দেশ জুড়ে নয়া শ্রম আইন চালু করতে পারে বলে জানাচ্ছে সরকারি সূত্র। নয়া শ্রম আইন কার্যকর হলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প (ইপিএফ, পেনশন ও গ্র্যাচুইটি), স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি এমনকি কাজের সময়ও বদলে যাবে। সেক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটি, দৈনিক ১২ ঘণ্টা কাজ করতে হবে।
আরও পড়ুনঃ ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বাংলা, আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়।

২০২০তে সংসদে শ্রম বিল পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার। শ্রম ক্ষেত্রে আমূল সংস্কারের লক্ষ্যে ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টিকে ‘বর্তমান সময়ের পক্ষে অপ্রাসঙ্গিক’ চিহ্নিত করে বাতিল করেছিল মোদি সরকার। বাকি ২৯টিকে নিয়ে আসা হয় চারটি শ্রমবিধিতে। এ বার সেই শ্রমবিধিগুলি কার্যকর করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। নয়া শ্রম আইন চালু করতে সক্রিয় হয়েছে নরেন্দ্র মোদী সরকার। কারা পেতে পারেন চার শ্রমবিধিতে উল্লিখিত নানা সুযোগ সুবিধা?

সূত্রের খবর, ওই চার শ্রমবিধি কার্যকর হলে কর্মচারীদের দৈনিক কাজের সময় বেড়ে হবে ১২ ঘণ্টা। তবে সে ক্ষেত্রে বাড়বে সাপ্তাহিক ছুটির সংখ্যাও। সপ্তাহে একদিন ছুটির বদলে তা বেড়ে হতে পারে ৩ দিন। কর্মীদের সাপ্তাহিক ওভারটাইমের সর্বোচ্চ সীমা ৫০ ঘণ্টা থেকে বেড়ে হতে পারে ১২৫ ঘণ্টা। এছাড়া প্রতি পাঁচ ঘণ্টা টানা কাজের পর ৩০ মিনিট বিরতি নেওয়া যাবে। নয়া বিধিতে মহিলারা নাইট শিফট করতে পারবেন। তেমনই পিএফ (PF)-এর অনুদান বাড়ার সম্ভাবনাও প্রবল।
PF-এর অনুদান বাড়ছে, সপ্তাহে তিন দিন ছুটি! ১ জুলাই থেকে চালু হচ্ছে নয়া শ্রম আইন।

সংসদে পাশ হওয়া শ্রম সংস্কার বিলে বলা হয়েছিল, কোনও রাজ্যে নয়া বিধি চালু করতে গেলে সেই রাজ্য সরকারের ছাড়পত্র প্রয়োজন। সেই মতো দেশের ২৩টি রাজ্য শ্রমবিধি সংস্কার করেছে এখন পর্যন্ত। সূত্রের খবর, নতুন শ্রমবিধিতে কর্মীদের মোট বেতনের অন্তত ৫০ শতাংশ ‘বেসিক’ হতে হবে। সেই সঙ্গে বাড়বে কর্মী ও নিয়োগকারী সংস্থার পিএফ অনুদানও। পাশাপশি, অবসরের সময় পাওয়া গ্র্যাচুইটির অঙ্কও বাড়বে।



