নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে বিজয়নের কেরালা। রাজ্যে ইতিহাস গড়ে ক্ষমতা ধরে রেখেছে পিনারাই বিজয়নের সরকার। করোনা সামলাতে দেশে মডেল হিসেবেও উঠে এসেছে দেশের সবথেকে শিক্ষিত রাজ্য কেরালা। দেশে যখন অক্সিজেনের হাহাকার তখন কেরালা নিজেদের উদ্বৃত্ত অক্সিজেন দিয়ে অন্য রাজ্যকে সাহায্য করেছে। কিন্তু করোনার দ্বিতীয় সংক্রমণ এতটাই ধ্বংসাত্মক যে তা সামলাতে হিমসিম খেতে হচ্ছে দক্ষিণের এই রাজ্যকেও।
আরও পড়ুনঃ বছরের শেষে আইপিএলের বাকি অংশ? বিসিসিআইয়ের ভাবনায় তিন বিকল্প ভেন্যু।


ইতিমধ্যেই করোনা ঠেকাতে কেরালায় নাইট কার্ফু চালানো হচ্ছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু থাকছে। এছাড়াও উইকেন্ডে সেমি-লকডাউনও চালানো হচ্ছে। এত কিছুর পরেও সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় এবার আগামী ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী বিজয়ন জানান “কেরালার গোটা রাজ্যে ৮ মে ভোর ৬টা থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন করা হবে। কোভিড ১৯-এর ভয়ানক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।”
প্রসঙ্গত সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় ইতিমধ্যেই একাধিক রাজ্য সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে। একই পথে হাঁটল কেরলও। এদিকে করোনার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালের রেকর্ড গড়ল দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। বুধবার সংখ্যাটা ছিল প্রায় ৩,৭০০।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে বিজয়নের কেরালা। গত ২৪ ঘণ্টায় কেরালায় সবচেয়ে বেশি খারাপ রিপোর্ট এসেছে করোনা আক্রান্তের। একদিনে ৪১ হাজার ৯৫৩ জন করোনা রোগীর খোঁজ পাওয়া গিয়েছে রাজ্যে। এই নিয়ে রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা ১৭,৪৩,৯৩২ জন। এরপরেই রাজ্যে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল বিজয়ন সরকার।









