কট্টর দেশভক্ত এবং আদর্শবান পড়ুয়া গড়তে কেজরিওয়ালের নয়া পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লি পাচ্ছে নতুন স্কুল শিক্ষা বোর্ড। রাজধানীর স্কুলগুলি আর কেন্দ্রীয় শিক্ষা পর্ষদের অধীনে থাকছে না। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দিল্লির সরকারি স্কুলগুলি এবার থেকে আর সিবিএসই বোর্ডের আওতায় থাকবে না। ইতিমধ্যে নয়া দিল্লি স্কুলশিক্ষা বোর্ড আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেজরিওয়াল সরকার।

আরও পড়ুনঃ ৩ আসনে দ্বন্দ্ব ২ গোষ্ঠীর, পাহাড়ে এক হচ্ছেন না বিমল-বিনয়।

জানা গেছে, আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এই নয়া স্কুল শিক্ষা বোর্ডের আওতায় আনা হবে দিল্লির সমস্ত সরকারি স্কুলগুলিকে। উল্লেখ্য, রাজধানী দিল্লিতে প্রায় ১০০০ সরকারি স্কুলকে আনা হবে এই নয়া বোর্ডের অধীনে। এই স্কুলগুলির প্রত্যেকটি বর্তমানে সিবিএসই-এর অধীনস্থ। ২০২০ সালে বাজেট অধিবেশনের সময় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘোষণা করেছিলেন, রাজ্যে পৃথক বোর্ডের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শনিবার সিসোদিয়ার সেই ঘোষণায় সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। জানা গেছে, এপ্রিল থেকেই সিবিএসই-র অন্তর্ভুক্ত স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করা হবে। এদিন কেজরিওয়াল জানিয়েছেন, “ শুরুতেই সব স্কুলকে নয়া বোর্ডের অধীনে আনা হবে না। প্রথম বছরে মাত্র ২০ থেকে ২৫টি সরকারি স্কুলকে এই বোর্ডের আওতায় আনা হবে। তারপর সেইসব স্কুলগুলির প্রিন্সিপাল, শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী তালিকা ঠিক করা হবে।

মুখ্যমন্ত্রীর কথায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।” এছাড়াও তিনি জানিয়েছেন, বেসরকারি স্কুলগুলিও স্বেচ্ছায় এই বোর্ডের আওতায় আসতে চাইলে তা সম্ভব। এদিন তিনি বলেন, নয়া স্কুলশিক্ষা বোর্ড গঠনের প্রাথমিক লক্ষ্য হল, কট্টর দেশভক্ত এবং আদর্শবান পড়ুয়া তৈরি করা। আর ভবিষ্যতে যাতে পড়ুয়াদের চাকরির বাজারের উপর নির্ভরশীল না হয় তা সুনিশ্চিত করা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন