নজরবন্দি ব্যুরোঃ উত্তেজনা ছড়াচ্ছে ভূস্বর্গে । ফের জঙ্গি হামলার খবর সামনে এসেছে। মঙ্গলবারই জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসারকে টার্গেট করে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা। এক টেলিভিশন অভিনেত্রীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লস্কর জঙ্গিরা।


ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। হামলায় গুরুতর জখম হয়েছে অভিনেত্রীর নাবালক ভাইপো। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হয়েছেন আমরিনের ১০ বছরের ভাইপো। তাঁর হাতে গুলি লেগেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।
কাশ্মীর টেলি জগতে পরিচিত মুখ ছিলেন আমরিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও বেশ জনপ্রিয় ছিল। পুলিশ সূত্রে খবর, এদিন অভিনেত্রীর বাড়ি টার্গেট করে নাশকতা চালায় জঙ্গিরা। তবে কেন অভিনেত্রীকে নিশানা করা হল, তা এখনও স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
জঙ্গিদের গুলিতে খুন কাশ্মীরের জনপ্রিয় টেলি অভিনেত্রী, কারণ নিয়ে ধন্দে পুলিশ
পাশাপাশি আমরীন ভাটের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আহত ভাইপোর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। এবিষয়ে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, “নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র তিন জঙ্গি এদিন সন্ধ্যায় আমরীন ভাটের বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। তাতেই নিহত হন টেলি অভিনেত্রী”।









