নজরবন্দি ব্যুরো: বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কর্ণাটকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। ২২৪ টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল ৭ টা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, অভিনেতা প্রকাশ রাজ সহ বহু পরিচিত মুখ ইতিমধ্যেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখনও পর্যন্ত রাজ্যে কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই জানা গিয়েছে। দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৫ শতাংশ।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘উনি না ভেবে অনেক কথা বলেন’, The Kashmir Files নিয়ে দিলীপের নিশানায় মমতা


কর্ণাটকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরতে মরিউয়া কংগ্রেস। একমাসব্যাপী নির্বাচনী প্রচারে সেই ঝলক দেখা গিয়েছে। গতবারের বিধানসভা ভোটের পর কংগ্রেস এবং জেডি (এস) জোট বেঁধে সরকার গঠন করে। কিন্তু কিছু সময়ের মধ্যে জোট ভাঙলে বিজেপি সরকার গঠন করে। এবার একনিষ্ঠ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকেই কর্ণাটকে প্রচার করেছেন। পিছিয়ে ছিল না কংগ্রেসও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই কর্ণাটকে ১৮ টি সভা করেছেন তার মধ্যে ৬ টি রোড শো করেছেন। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী কর্ণাটকের প্রচারে এসেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবাকুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ডিকে শিবাকুমারের দাবি, এবারের নির্বাচনে কংগ্রেস ১৪১ টি আসনে জয় পাবে। অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে’র জন্য কর্ণাটক বিধানসভা নির্বাচন অ্যাসিড টেস্ট।



সরকার গঠন করতে ২২৪ টি আসনের মধ্যে ১১৩ টি আসনে জয়লাভ করতে হবে। বিজেপির দাবি তারা ১৫০ টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনে বিজেপি, কংগ্রেস, জেডি (এস)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এছাড়া, বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন করছে সিপিআই।
শান্তিপূর্ণ ভোটগ্রহণ, কর্ণাটকে চলছে ভোটদান প্রক্রিয়া









