দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে ‘চড়’ খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল সৃষ্টি হয়েছে দিল্লির রাজনীতিতে।
আরও পড়ুন: মমতার পাশে ইন্ডিয়া, ‘হয় মানো নয় বাইরে যাও’ অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড
দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্রে কানহাইয়ার বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ তথা ভোজপুরী নায়ক মনোজ তিওয়াড়ি। আর এই ঘটনার পর মনোজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কানহাইয়া। তাঁর কথায়, “বিজেপি ভয় পাচ্ছে। বুঝতে পারছে এখানে তাঁদের আসন নড়বড়ে। তাই মনোজ তিওয়াড়ি যিনি নিজেকে বিহারী বলেন তিনি আর এক জন বিহারীকে মারার জন্য লোক পাঠাচ্ছেন। পুরোটাই ষড়যন্ত্র। আমি লড়াই ছাড়ব না।”

জানা গিয়েছে, কানহাইয়াকে লক্ষ্য করে কালিও ছোড়া হয়। নিজের লোকসভা কেন্দ্রেই প্রচারে বেরিয়েছিলেন কানহাইয়া কুমার। এর পর তিনি করতার নগর এলাকায় আম আদমি পার্টির কাউন্সিলার ছায়া গৌরব শর্মার সঙ্গে দেখা করেন। এই ছায়াও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

পার্টি অফিসে দলীয় বৈঠক সেরে বের হতেই কানহাইয়াকে ঘিরে ধরেন সমর্থকরা। অভিযোগ, ওই ভিড় থেকেই আক্রমণকারীরা মালা পরানোর নাম করে এগিয়ে আসে। কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে চড় কষায় এক ব্যক্তি। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রথমে হকচকিয়ে যান কংগ্রেস প্রার্থী।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ কাউন্সিলর ছায়া গৌরব শর্মা। তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়। দু’জনেই সামাজিক মাধ্যমে সেই ভিডিও দিয়েছেন। তা ইতিমধ্যে ভাইরালও হয়েছে।
কেন কানহাইয়াকে চড় মারা হল? অভিযুক্তরা জানিয়েছেন, কানহাইয়া দেশ ভাগের স্লোগান দিয়েছিলেন এবং ভারতীয় সেনাকে অপমান করেছেন। তার প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে। নিজেদের ‘সনাতনী সিংহ’ বলে দাবি করেছেন দু’জন।



