ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্মত্ত জনতা দখল করেছে গণভবন। শেখ হাসিনার পদত্যাগের পরেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে দেখা গিয়েছে মানুষকে। ভাইরাল হওয়া এক ভিডিয়োয়। একই সঙ্গে সেখানে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে।
করা হচ্ছে হত্যাও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। রাজনীতিতে আসার আগেই দেশ ও বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন। আর তাতে অনেক সময় বিতর্কও সৃষ্টি হয়েছে। আর রাজনীতিতে আসার পর সেটা আরও বেড়েছে। তাই বাংলাদেশের অবস্থা নিয়ে তিনি কিছু বলবেন না সেটা হয় নাকি।
নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “বাংলাদেশিরা শেখ মুজিবুর রহমানের মূর্তির উপর প্রস্রাব করছেন। তিনিই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা অর্জন করার পরেই তাঁকে হত্যা করা হয়েছিল। আমি ভাবছি, এই মানুষটা কী না করেছিলেন! ওঁর উপর কেন প্রস্রাব করছেন!”
কঙ্গনা তাঁর পোস্টে আরও লেখেন, “কয়েক জনকে দেখলাম চিড়িয়াখানায় ঢুকে পশুদের ধরে ধরে মারছে। প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পরেও ওদের প্রতিবাদ থামেনি বোধ হয়! এটাকেই কি প্রতিবাদ বলে?” প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে অবসান হয় ১৫ বছরের হাসিনা সরকারের। তারপর তিনি পদত্যাগ করে ভারতে চলে আসনে। এখন পর্যন্ত তিনি ভারতের দিল্লির সেফ হাউসে আছেন বলে জানা গিয়েছে।



