নজরবন্দি ব্যুরো: কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের রায় গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। আসামীদের সাজা মকুব করা হয়েছে। চারিদিকে যখন পরিস্থিতি উত্তাল তারই মাঝে চারজন আসামী জেল থেকে ছাড়া পেল। এই খবর কানে যেতেই কান্নায় ভেঙে পড়লেন মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। নির্ভয়াকাণ্ডের আইনজীবীকে পাশে চাইছে কামদুনির প্রতিবাদীরা।
আরও পড়ুন: CBI-ED-র তল্লাশি এক ফোনে বন্ধ করতে পারি, বেফাঁস সুকান্ত


জানা যায়, সোমবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে চারজনকে মুক্তি দেওয়া হয়। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া আরও তিনজনের গতকাল রাতে জেলমুক্তি হয়েছে। এছাড়াও ফাঁসির সাজা পাওয়া আমিন আলিকে বেকসুর খালাস করেছে হাইকোর্ট। কামদুনি মামলার রায়ে হতাশ টুম্পা-মৌসুমি সহ অন্যান্য প্রতিবাদীরাও। গত শুক্রবার রায়দানের পরই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। টুম্পা-মৌসুমীরা চাইছেন, নির্ভয়াকাণ্ডে যে আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, যিনি মামলা লড়ায় দোষীদের সাজা হয়েছিল, সেই আইনজীবীকে দিয়েই কামদুনি মামলা লড়তে।

সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন, টুম্পা কয়াল ও মৌসুমি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা শেষে মৌসুমী বললেন, “আমরা চাইছি যে উকিল নির্ভয়াকাণ্ডে লড়াই করেছিলেন, দোষীদের ফাস্টট্র্যাক কোর্টে সাজা হয়েছিল, সেই উকিলকেই আমি ওনার কাছে চেয়েছি।” আসামীদের জেলমুক্তি প্রসঙ্গে তাঁরা বলেন, “রাজ্যের প্রশাসন, সিআইডি কিছু করতে পারল না। সবাই ছাড়া পেয়ে গিয়েছে। সিআইডি যদি ঠিকঠাক চার্জশিট পেশ করত, এরা আজ ছাড়া পেত না।”



মঙ্গলবার কলকাতায় মিছিল করছেন কামদুনি প্রতিবাদীরা। কামদুনিকাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ টুম্পা কয়াল বলেন, “আমরা চাই সমস্তরকম রাজনীতির লোকজন, আমাদের রাজ্যবাসী সকলে এতে এগিয়ে আসুন।” আজ দুপুর ৩ টেয় ভিক্টোরিয়া হাউজ থেকে গান্ধীমূর্তি পর্যন্ত এই মিছিল হবে।
জেলমুক্তি ৪ জনের, সুবিচারের দাবিতে নির্ভয়াকাণ্ডের আইনজীবীকে পাশে চায় কামদুনি









