সংসদে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে মন্তব্যের জেরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অসম্ভব ঈর্ষা’ করেন নির্মলা। এমনকি অর্থমন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তাঁকে ‘ঝগড়ুটে স্বভাবের’ বলেও কটাক্ষ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
নির্মলাকে নিশানা করে কল্যাণ বলেন, গত সাত-আট বছর ধরে তিনি দেখছেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মমতার প্রতি ঈর্ষান্বিত। তাঁর বক্তব্য, নির্মলা কোনওদিন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতে পারবেন না, এমনকি প্রাদেশিক নেত্রীও নন। রাজ্যসভা থেকে তাঁকে নিয়ে এসে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অর্থনীতি সামলানোর অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন কল্যাণ।


এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলার আগে তাঁর আচরণ নিয়েই প্রশ্ন তোলা উচিত। তিনি কটাক্ষ করে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি নেত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন মন্তব্য করছেন।
প্রসঙ্গত, বুধবার সংসদে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দুর্গাপুরের এক মেডিক্যাল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এবং নদিয়ার কালীগঞ্জে বোমাবাজিতে এক তরুণীর মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তাঁর মন্তব্য ছিল, “বাংলায় বোমা চলে, আইন চলে না।”
অর্থমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিতেই প্রকাশ্যে নির্মলাকে তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে সংসদে কেন্দ্র-রাজ্য রাজনীতির সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।









