নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার এসএসকেএম হাসপাতালে হতে পারে বাইপাস সার্জারি। সম্প্রতি খবর এসেছে চলতি সপ্তাহেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেবে ইডি। শারীরিক দিক থেকে কোন সমস্যায় ভুগছেন কালীঘাটের কাকু?
আরও পড়ুন: চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গেলেন স্ত্রী রুজিরাও


জানা গিয়েছে, দিন কয়েক আগেই এসএসকেএম-এর কার্ডিয়োলজি-র আউটডোরে এসেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপর তাঁকে চিকিৎসকের পর্যবেক্ষণ রাখা হয়। বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কালীঘাটের কাকুর আর্টারিতে ব্লকেজ রয়েছে। ট্রিপল ভেসেল ডিজিতে আক্রান্ত হয়েছেন তিনি। সার্জারি হবে কি না, হলেও কবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কালীঘাটের কাকুর স্ত্রীর মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দিতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এরপর সেখান থেকে ফিরেই শারীরিক অসুস্থতা বোধ করেন। সেই সময়ে কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো হয়েছিল। বুকে ব্যথার উপসর্গ নিয়ে গত সোমবার হাসপাতালে যান তিনি।

প্রসঙ্গত, গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুজয় কৃষ্ণের স্ত্রী বানী ভদ্র। জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন ধৃত। কিন্তু জামিন না পেলেও প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। গত ১৬ জুলাই প্যারোলের মেয়াদ শেষ করে ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা ছিল তাঁর।



উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ধৃতের কাছ থেকে ১১ কোটি টাকার বেশি হদিশ পাওয়া গিয়েছে, এই পুরো টাকাটাই নিয়োগ দুর্নীতি বলেই দাবি তদন্তকারীদের। চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হবে। এমনকি এই মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত দুই নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কীভাবে দুর্নীতি করেছেন, সেই সমস্ত বিষয়ও উল্লেখ করা হবে চার্জশিটে। চলতি সপ্তাহের মধ্যেই আদালতে জমা পড়তে পারে চার্জশিট।
শরীর ভালো নেই কালীঘাটের কাকুর, আর্টারিতে ব্লকেজ, SSKM-এ হতে পারে সার্জারি








