নজরবন্দি ব্যুরো: ববিতা সরকারের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
আরও পড়ুন: হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল
প্রসঙ্গত, গত ৭ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করতে হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার বিস্তারিত মেধাতালিকার প্রকাশের আবেদন করে মামলা করেন ববিতা সরকার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ২০১৬ সালে নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়া ৫,৫০০ জনের উত্তরপত্র প্রকাশের নির্দেশ দেন। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কমিশন। সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখা হল ডিভিশন বেঞ্চেও। ফলে খুব তাড়াতাড়ি উত্তরপত্র প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

ববিতার মামলায় বহাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, OMR প্রকাশ করতে হবে SSC-কে




