জেপি নাড্ডা। এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে রয়েছেন। যদিও তৃতীয় এনডিএ সরকারে তিনি জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। তাঁকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ‘এক ব্যক্তি এক পদ’ অনুযায়ী জেপি নাড্ডার সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়াই কাম্য। কিন্তু, সামনেই চার রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তাই আপাতত নাড্ডাকে সভাপতি থেকে সরাতে চায় না পদ্ম-শিবির এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: ঐক্যের প্রচার আসলে সংঘাতের বার্তা, মোদির সমালোচনায় কলম ধরলেন সনিয়া
সামনেই মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট। তার আগে আগামী মাস থেকে বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। যা শেষ হওয়ার পরেই পরর্বতী বিজেপি সভাপতিকে বেছে নেওয়া হবে। তাতে অন্তত তিন-চার মাস সময় লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত নাড্ডাই থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।



লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বিজেপি সভাপতি পদে বাড়ানো হয়েছিল জেপি নাড্ডার মেয়াদ। এ মাসেই সেটা শেষ হচ্ছে। মনে করা হচ্ছিল, লোকসভায় হতশ্রী ফলের পর বিজেপি সভাপতি পদে নাড্ডাকে সরিয়ে দেবে বিজেপি। কিন্তু বিজেপি সূত্রে খবর, এখনই নাড্ডাকে সভাপতি পদ থেকে সরতে হচ্ছে না। ৪ রাজ্যের বিধানসভা ভোট এবং দলের সাংগঠনিক নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি সভাপতির মেয়াদ বাড়ানো হতে পারে।


সামনে চার রাজ্যের বিধানসভা নির্বাচন, নাড্ডার নেতৃত্বেই লড়তে চায় বিজেপি

একই রকমভাবে এ রাজ্যের বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়নমন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। তাঁর জায়গায় কে দায়িত্ব পাবেন তা নিয়ে নানা মুনির নানা মত। তবে, বিভিন্ন রাজ্যে বিজেপির কমিটি গড়তে সেপ্টেম্বর মাস গড়িয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।







