নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, চলতি বছরেই মোদিকে মার্কিন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোন মাসে মার্কিন সফরে যাবেন মোদি? তা এখনও স্পষ্ট নয়। তবে জি-২০ সম্মেলনের সভাপতিত্বের জন্য প্রস্তুতির মাঝে মোদিকে আমন্ত্রণ বাইডেনের। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: বাজেট নট ফিউচাররিস্টিক, এটা অপারচুনিস্টিক, কটাক্ষ মমতার


জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে রয়েছে জি-২০ সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন জো বাইডেন। ঠিক তার আগে মোদি-বাইডেনের সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে জুন অথবা জুলাই মাসেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা। তবে কবে দেখা হবে? তা নির্ধারণ করা কঠিন হচ্ছে দুই পক্ষের জন্য।

সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর একটু বড় হবে। সেই মার্কিন কংগ্রেসের অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পাবেন প্রধানমন্ত্রী। এছাড়াও তাঁকে হোয়াইট হাউজে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
মোদিকে আমন্ত্রণ বাইডেনের, কবে হবে বৈঠক

এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন শেষবার মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রদেশের সঙ্গে ভারতের সখ্যতা আরও দৃঢ় হয়েছিল সেবার। ক্ষমতার বদল হলেও মার্কিন প্রদেশের সঙ্গে ভারতের সম্পর্কে নুন্যতম চিড় ধরেনি। গত বছরের নভেম্বর মাসে বালিতে জি-২০ সম্মেলন চলাকালীন বাইডেনের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভারতের জি-২০ সম্মেলনের আগে দুই রাষ্ট্রনেতার এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।









