জাহাঙ্গির খানকে ঘিরে উত্তেজনার আশঙ্কা ছিল আগেই। সেই কারণেই মঙ্গলবার ভোররাতে ফলতার তৃণমূল নেতা তথা ‘পুষ্পা’ নামে পরিচিত জাহাঙ্গির খানকে চুপিসারে ডায়মন্ড হারবার আদালতে নিয়ে গিয়ে কোর্ট লক-আপে রাখা হয়। পুলিশ সূত্রের দাবি, সম্ভাব্য বিক্ষোভ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ জাহাঙ্গিরকে আদালত চত্বরে নিয়ে আসে পুলিশ। সাধারণত আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে কোর্ট লক-আপে রাখা হয়, যাতে আদালতে আনার সময় কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়।


পুলিশের আশঙ্কা ছিল, আদালতে হাজির করানোর সময় জাহাঙ্গিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হতে পারে। এমনকি তাঁর দিকে ডিম বা টমেটো ছোড়ার মতো ঘটনাও ঘটতে পারত বলে গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছিল।
সেই কারণেই সর্বসাধারণের নজর এড়িয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাঁকে আদালতে আনা হয়। আদালত চত্বরে পৌঁছানোর পর সরাসরি কোর্ট লক-আপে রাখা হয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বিমানবন্দর থেকেও তাঁকে প্রচলিত পথের পরিবর্তে বিকল্প প্রবেশপথ ব্যবহার করে বার করা হয়েছিল, যাতে কোনও ভিড় বা প্রতিবাদের মুখে পড়তে না হয়। গোটা প্রক্রিয়াটিই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করে পুলিশ।


তবে আদালতে মামলার শুনানি নির্ধারিত সময়েই শুরু হবে বলে জানা গিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত সতর্কতা নেওয়া হলেও বিচার প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আনা হয়নি।
রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। জাহাঙ্গির খানকে কেন্দ্র করে সম্ভাব্য জনরোষের আশঙ্কা কতটা বাস্তব ছিল, তা নিয়ে আলোচনা চললেও পুলিশ আপাতত নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



