নজরবন্দি ব্যুরোঃ বিধানসভার স্পিকারকে তলব রাজভবনে, জরুরি কারণে সাক্ষাতের উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। নিজেই ট্যুইট করে রাজ্যপাল জানিয়েছেন সে কথা। সব ঠিক থাকলে আজ বিকেল ৪টায় রাজভবনে সাক্ষাৎ হবে উভয়ের।
আরও পড়ুনঃ টিকাকরণে পথ দেখাচ্ছে বাংলা, ৫০ শতাংশ মানুষকে টিকা দিয়ে ‘প্রথম’ কলকাতা


আজ সকালেই বাংলার রাজ্যপাল নিজে ট্যুইট করে জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজভবনে বিকেল চারটের সময় দেখা করবেন রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়ের সঙ্গে।’ সঙ্গে তিনি লিখেছেন, রাজ্যপালের উদ্যোগেই ঘটতে চলেছে এই সাক্ষাৎ পর্ব।
বৈঠক ডেকেছেন রাজ্যপাল, বিধানসভার স্পিকারকে তলব রাজভবনে

তবে ঠিক কি কারণে এই জরুরি সাক্ষাৎ সেই নিয়ে সঠিক তথ্য পাওয়া না গেলেও রাজনীতি মহলে জল্পনা উঠছে একাধিক। এমনিতেও স্পিকারের সঙ্গে এর আগেও সংঘাত ঘটেছে রাজ্যপালের। গত জুনে স্পিকারের কাজে না-খুশ ধনখড় চিঠি দিয়েছিলেন বিমান ব্যানার্জীকে। বিধানসভায় তাঁর বক্তব্য সম্প্রসারণ বন্ধের কারণ জানতে চেয়েছিলেন।

চিঠিতে লিখেছিলেন, “বিধানসভায় আমার ভাষণ সম্প্রচার বন্ধ করা হয়েছে। যা জরুরি অবস্থার সামিল।” এদিকে রাজ্যের রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলেছিলেন বিমান ব্যানার্জী। তাছাড়া একাঢিক সিদ্ধান্তের বিষয়ে বেশিরভাগ সময়েই তৈরি হয়েছে উভয়ের সংঘাত। এই পরিস্থিতিতে রাজ্যপালের জরুরি তলব কোন নয়া সমীকরণ তৈরি করে সেদিকেই তাকিয়ে সকল মহল।









