নজরবন্দি ব্যুরো: বৈঠক সেরে বেরোনোর সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ‘সি আর ওয়ান’ গেটের সামনে পড়ে গেলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya)। সোমবার রাত সওয়া ৯টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বাম ছাত্র সংগঠনের একাংশের দাবি, তাঁদের চার দফা দাবি মানা না হওয়ায় তখন গেটের সামনে ঘেরাও চলছিল। যদিও উপাচার্যকে ধাক্কা দেওয়া বা তাঁর গায়ে কেউ হাত দিয়েছেন—এমন অভিযোগ অস্বীকার করেছেন আরএসএফ-এর ইন্দ্রানুজ রায়।
সোমবার বিকেল থেকেই যাদবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষকদের একাংশ এবং বাম সমর্থক ছাত্র সংগঠন ও এবিভিপি-র ছাত্র প্রতিনিধিরা। পরে বৈঠক থেকে বেরিয়ে যান এবিভিপি-র সদস্যরা। অন্যদিকে, শুরু থেকেই চার দফা দাবি নিয়ে সরব ছিলেন বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
বৈঠক শেষে অরবিন্দভবন থেকে বেরিয়ে ‘সি আর ওয়ান’ গেটের দিকে আসছিলেন চিরঞ্জীব। সেই সময় গেটের সামনে বাম ছাত্র সংগঠনের একাংশের ঘেরাও চলছিল। পড়ুয়াদের ভিড়ের মধ্যে দিয়ে বেরোনোর সময়ই উপাচার্য পড়ে যান বলে জানা গিয়েছে। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন।
ঘটনাটি নিয়ে আরএসএফ-এর ইন্দ্রানুজ রায়ের দাবি, উপাচার্যকে কেউ ধাক্কা দেননি এবং তাঁর গায়েও কেউ হাত দেননি। তাঁর কথায়, উপাচার্যের সামনে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। এরপরই তিনি ঘটনাটিকে ‘নাটক’ বলে কটাক্ষ করেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের তরফে কোনও প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বৈঠকে তুলনামূলক সাহিত্য বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী এষণা সেন জানিয়েছিলেন, চার দফা দাবি না মানা হলে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার-সহ বৈঠকে থাকা শিক্ষকদের একাংশকে ঘেরাও করা হবে। সেই ঘোষণার পরেই বৈঠক ঘিরে উত্তেজনা আরও বাড়ে।
বাম ছাত্র সংগঠনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে ‘স্টুডেন্ট গ্রিভান্স রিড্রেসাল সেল’-এর চেয়ারম্যানের পদ থেকে বুদ্ধদেব সাউকে সরানো। তদন্ত চলাকালীন তাঁকে কোনও ক্লাস নিতে দেওয়া যাবে না বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটি পুনর্গঠন করে তাতে ছাত্র প্রতিনিধি রাখার দাবিও রয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, বুধবার গভীর রাতের ঘটনার সময় নজরদারি ক্যামেরায় যাঁদের দেখা গিয়েছে, সেই শিক্ষক ও পড়ুয়াদের সকলকে সাসপেন্ড করা। এই চার দফা দাবিকে কেন্দ্র করেই সোমবারের বৈঠকে চাপ তৈরি করেন বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
তবে বৈঠক শেষে একটি বড় সিদ্ধান্তের কথা সামনে আসে। তদন্ত কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি প্রণবকুমার চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে ‘স্টুডেন্ট গ্রিভান্স রিড্রেসাল সেল’।
ফলে একদিকে তদন্ত প্রক্রিয়ায় পরিবর্তনের সিদ্ধান্ত সামনে এসেছে, অন্যদিকে উপাচার্যকে ঘিরে সোমবার রাতের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে যাদবপুরের নিরাপত্তা ও ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে। বাম ছাত্রদের একাংশ এখনও বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থানে রয়েছেন। তাঁদের পরবর্তী কর্মসূচি কী হবে, তা নিয়ে আলোচনা চলছে।



