নজরবন্দি ব্যুরোঃ রবিবার শহর ও শহরতলির আকাশ সারাদিন মেঘলা থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ । উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায় অতিবৃষ্টির সর্তকতা। এই পাঁচ জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাতের আশঙ্কা।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে মমতাহীন রাজ্য সরকার! মানা হচ্ছেনা ছাত্র ও শিক্ষকের অনুপাত।https://najarbandi.in/teacher-recruitment-actual-story-of-west-bengal/
শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে সবচেযে বেশি বৃষ্টি হয়েছে হাসিমারায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৮৬ মিমি। ময়নাগুড়িতে বৃষ্টি হয়েছে ১১৬ মিমি। এছাড়া আলিপুরদুয়ারে ১১৫ মিমি, জলপাইগুড়িতে ৯৩ মিমি, বানারহাটে ৬৩ মিমি, শিলিগুড়িতে ৪৪ দশমিক ৬০ মিমি, তুফানগঞ্জে ৩৩.৪০ মিমি, মাথাভাঙায় ২৩.২০ মিমি এবং কোচবিহারে ১৯.২০ মিমি বৃষ্টি হয়েছে।
অপর দিকে রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সোমবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে মেঘ ছেয়ে রয়েছে আকাশে। মাঝমধ্যে বৃষ্টিও হচ্ছে। রাতের দিকে থাকছে গুমোট গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আকাশ ছেয়ে থাকছে মেঘে। তা বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। তবে দক্ষিণবঙ্গের হাওয়ায় থাকা বাড়তি মেঘ আর জলীয় বাষ্পের কারণে গুমোট ভাব থাকছে।
আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে এমনটাই চলবে। শনিবার বিকেলে কলকাতায় ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও হালকা বৃষ্টি হয়েছে। ঝমঝমিয়ে টানা বৃষ্টি হয়ে গুমোট ভাব কাটবে কবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে যখন বর্ষার বৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হয়। এখন উত্তরবঙ্গে বর্ষারেখা সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গে এখন যা হচ্ছে তা উত্তরবঙ্গের দিকে ভেসে যাওয়া মেঘ থেকে। কয়েকদিন পর ফের দক্ষিণবঙ্গে বর্ষারেখা সক্রিয় হবে। তখন জমজমাট বৃষ্টির আমেজ পাওয়া যাবে।



