ইরান সংঘাতে বাড়ছে মানবিক বিপর্যয়! মৃত ১৩০০ ছাড়াল, ঘরছাড়া প্রায় ১ লক্ষ মানুষ

ইরানকে ঘিরে সংঘাতের জেরে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। এক সপ্তাহেই মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, নিরাপত্তার খোঁজে ঘরছাড়া প্রায় ১ লক্ষ মানুষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাত ক্রমেই ভয়াবহ মানবিক সঙ্কটের রূপ নিচ্ছে। ইরানকে কেন্দ্র করে চলা সংঘর্ষের মাত্র এক সপ্তাহের মধ্যেই মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে এবং হাজার হাজার মানুষ নিরাপত্তার খোঁজে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সংঘাতে ১,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আর প্রায় ১ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সংবাদ সংস্থা এএনআই-র রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজ়িরা-র তথ্য অনুযায়ী সংঘর্ষের জেরে বহু সাধারণ মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই ইরান এবং তার আশপাশের অঞ্চল জুড়ে তীব্রভাবে পড়েছে।

এই সংঘাতের মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে ড্রোন হামলার একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে সে দেশের বায়ুসেনা। সৌদি প্রতিরক্ষা বাহিনীর দাবি, আকাশেই একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ঘটনায় কোনও বেসামরিক নাগরিক আহত হননি এবং কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

অন্যদিকে, সংঘাতের আঁচ লেগেছে লেবাননেও। রাজধানী বৈরুতে একটি হোটেল লক্ষ্য করে ইজ়রায়েলের বিমান হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। সমুদ্রতীরবর্তী ওই হোটেলের বেশ কয়েকটি ঘর এবং জানলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পুরো এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।

শুধু তাই নয়, দক্ষিণ লেবাননের ২০টিরও বেশি শহর ও গ্রামে ইজ়রায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। সরকারি সংবাদ সংস্থা NNA জানিয়েছে, খেরবেত সেলম শহরে একটি হামলায় ছয় জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি নাবাতিয়েহ শহরের কাছে কাফার রুমমান এলাকায় আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

এর মধ্যেই শনিবার গভীর রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে আরেকটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

এদিকে ইজ়রায়েলের যুদ্ধবিমান তেহরানের পশ্চিমে শাহরান ও কুহাক এলাকা এবং কারাজ শহরের তিনটি তেল ডিপোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের তেল মন্ত্রক। তাদের দাবি, পরিকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যেই এই আকাশপথে হামলা চালানো হয়েছে।

সংঘাতের জেরে পারস্য উপসাগর জুড়েও উত্তেজনা ছড়িয়েছে। দুবাইয়ের আল বারশা এলাকায় একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আকাশপথে ইরানের হামলা প্রতিহত করার সময় একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নীচে পড়ে একটি চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। শনিবার দুবাই প্রশাসন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে দুবাই কর্তৃপক্ষ। তবুও মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা সংঘাত আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন