মোবাইলের ওয়ালপেপারে ছিল ট্রফির ছবি! স্বপ্নকে সত্যি করে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর মুকুট জিতলেন জ্যোতির্ময়ী নায়ক

২০ লক্ষ টাকার পুরস্কার, হাতে ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর ট্রফি। জয়ের পর জ্যোতির্ময়ী নায়ক জানালেন কীভাবে মোবাইলের ওয়ালপেপারে রাখা একটি ছবি তাঁকে প্রতিদিন স্বপ্ন দেখতে এবং আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

স্বপ্নটা ছিল বহুদিনের। সেই স্বপ্নের ছবিই ছিল মোবাইলের ওয়ালপেপারে। রবিবার রাতে সেই স্বপ্নই বাস্তবে ধরা দিল। হাজারো প্রতিযোগীকে পিছনে ফেলে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ (Indian Idol 16)-এর বিজয়ীর মুকুট জিতলেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক (Jyotirmayee Nayak)। ট্রফির পাশাপাশি তিনি পেলেন ২০ লক্ষ টাকার পুরস্কার। জয়ের পর আবেগে ভাসতে ভাসতেই জানালেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিরন্তর স্বপ্ন দেখার ফলেই এই সাফল্য এসেছে।

রবিবার গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিজয়ীর নাম ঘোষণা হওয়ার পর শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)-এর হাত থেকে ট্রফি এবং ২০ লক্ষ টাকার চেক গ্রহণ করেন জ্যোতির্ময়ী। ফাইনালের অন্যান্য বিজয়ীদেরও ৫ লক্ষ টাকার করে পুরস্কার দেওয়া হয়। ট্রফি হাতে নিয়েও প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনিই বিজয়ী। পরে গোটা ‘ইন্ডিয়ান আইডল’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জয়ের পর নিজের সাফল্যের নেপথ্যের গল্পও তুলে ধরেন ওড়িশার এই তরুণ গায়িকা। জ্যোতির্ময়ীর কথায়, ছোটবেলা থেকেই একদিন ‘ইন্ডিয়ান আইডল’-এর ট্রফি হাতে তোলার স্বপ্ন দেখতেন। সেই কারণেই মোবাইলের ওয়ালপেপারে ট্রফির ছবি সেট করে রেখেছিলেন। প্রতিদিন সেই ছবি তাঁকে আরও বেশি পরিশ্রম করার অনুপ্রেরণা দিত। তাঁর বিশ্বাস, কঠোর অনুশীলন এবং নিজের উপর অটুট আস্থাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত শেখার অভিজ্ঞতাকেই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন জ্যোতির্ময়ী। তাঁর কথায়, প্রতিটি পর্বে নতুন কিছু শিখেছেন এবং সেই শিক্ষাই তাঁকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষভাবে বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের প্রতিটি পরামর্শ ভবিষ্যতের শিল্পীজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সব বিচারকের কাছ থেকেই সমান উৎসাহ পেলেও একজনের নাম আলাদা করে উল্লেখ করেছেন জ্যোতির্ময়ী। তিনি জানান, শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) সবসময় তাঁর পাশে ছিলেন। বিশেষ করে এক সময় গলায় সমস্যা দেখা দিলে শ্রেয়ার পরামর্শ ও মানসিক সমর্থন তাঁকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছিল। সেই কারণেই বিচারকদের মধ্যে শ্রেয়াকেই নিজের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে মনে করেন তিনি।

শুধু বিচারকরাই নন, প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিযোগীরাও ধীরে ধীরে তাঁর ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। ভবিষ্যতেও তাঁদের সঙ্গে এই সম্পর্ক অটুট থাকবে বলেই আশা প্রকাশ করেছেন জ্যোতির্ময়ী।

২০ লক্ষ টাকার পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, তা এখনও চূড়ান্ত করেননি তিনি। তবে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কোনও দ্বিধা নেই। বলিউডে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কিংবা আলিয়া ভাট (Alia Bhatt)-এর জন্য প্লেব্যাক গাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর নতুন বিজয়ী। তাঁর এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, গোটা ওড়িশার কাছেও গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন