10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 9:09 অপরাহ্ন
23 C
Kolkata

শুল্ক কমানোর বদলে বড় শর্ত! ৫ বছরে আমেরিকা থেকে ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য কিনতে রাজি দিল্লি

ভারতীয় পণ্যে শুল্ক কমাল আমেরিকা, তবে চুক্তির শর্তে ৫ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য আমদানি করতে রাজি হয়েছে দিল্লি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত–আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় শুল্ক কমার খবর যতটা স্বস্তির, ততটাই বড় শর্ত লুকিয়ে রয়েছে চুক্তির ভিতরে। আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে বিপুল অঙ্কের পণ্য আমদানি করতে সম্মত হয়েছে ভারত। পাশাপাশি কৃষিপণ্য ও একাধিক ক্ষেত্রে মার্কিন শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি।

শনিবার ভোরে যৌথ বিবৃতিতে এই অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতার বিভিন্ন দিক প্রকাশ করে ভারত ও আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন। সার্বিক শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে।

তবে এর বিনিময়ে বেশ কিছু ক্ষেত্রে আমেরিকার শর্ত মেনে নিতে হয়েছে ভারতকে। চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে প্রায় ৫০ হাজার কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য আমদানি করতে সম্মত হয়েছে দিল্লি।

যৌথ বিবৃতি অনুযায়ী, মার্কিন বাণিজ্যিক পণ্য এবং একাধিক খাদ্য ও কৃষিপণ্যের উপর ভারত হয় শুল্ক পুরোপুরি তুলে নেবে, নয়তো কমাবে। এই তালিকায় রয়েছে শুকনো খাদ্যশস্য, পশুখাদ্যের লাল জোয়ার, বাদাম, তাজা ফল, সয়াবিন তেল, ওয়াইন-সহ বিভিন্ন পণ্য।

এ ছাড়া, উভয় দেশই একে অপরকে নিজেদের গুরুত্বপূর্ণ বাজারে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের সুযোগ দেবে। দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে এমন অশুল্ক বাধা সরাতেও সম্মত হয়েছে দুই দেশ। বিশেষ করে কৃষি ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের বাজারে মার্কিন চিকিৎসা সরঞ্জামের ব্যবসায় যে বাধা ছিল, তা দূর করতেও রাজি হয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের আমদানিতে যে সীমাবদ্ধ লাইসেন্সিং ব্যবস্থা ছিল, সেটিও তুলে নেওয়া হবে।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত, পাঁচ বছরের মধ্যে বিপুল অঙ্কের মার্কিন পণ্য আমদানি করতে হবে ভারতকে। এর মধ্যে থাকবে খনিজ তেল, গ্যাস, রান্নার কয়লা, বিমান ও বিমানের যন্ত্রাংশ, দামী ধাতু, প্রযুক্তি পণ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরঞ্জাম।

অন্যদিকে, এই সমঝোতার ফলে ভারত পোশাক, চামড়াজাত পণ্য, জুতো, প্লাস্টিক, রবার, জৈব রাসায়নিক, অন্দরসজ্জার সামগ্রী ও নির্দিষ্ট যন্ত্রপাতি ১৮ শতাংশ শুল্কে আমেরিকায় রফতানি করতে পারবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading