যুদ্ধের আবহে অস্ত্র আমদানিতে দ্বিতীয় স্থানে ভারত, SIPRI রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

SIPRI রিপোর্টে প্রকাশ, ২০২১–২৫ সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারী ভারত। ইউক্রেন প্রথম, ভারতের পরে রয়েছে সৌদি আরব ও কাতার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে এল নতুন তথ্য—গত পাঁচ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারী দেশ হয়ে উঠেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশেনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য, যা আন্তর্জাতিক প্রতিরক্ষা পরিসরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

SIPRI-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বে মোট অস্ত্র আমদানির ৯.৭ শতাংশ করেছে ইউক্রেন, যা তালিকার শীর্ষে। আর সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যার ভাগ ৮.২ শতাংশ। যদিও আগের পাঁচ বছরের তুলনায় ভারতের অস্ত্র আমদানি কিছুটা কমেছে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় ৯.৩ শতাংশ ছিল ভারতের দখলে। ২০২১-২৫ সময়কালে সেই পরিমাণ প্রায় ৪ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের অস্ত্র আমদানির সবচেয়ে বড় অংশ এখনও রাশিয়া থেকে আসে। মোট আমদানির প্রায় ৪০ শতাংশই এসেছে রাশিয়া থেকে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যেখান থেকে এসেছে প্রায় ২৮ শতাংশ অস্ত্র। তৃতীয় স্থানে রয়েছে ইজরায়েল—সেখান থেকে ভারতের অস্ত্র আমদানির হার প্রায় ১৫ শতাংশ।

অন্যদিকে, অস্ত্র আমদানির নিরিখে পাকিস্তান ভারতের পিছনে থাকলেও গত কয়েক বছরে তাদের আমদানির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৬-২০ সময়কালের তুলনায় ২০২১-২৫ সময়কালে পাকিস্তানের অস্ত্র আমদানি প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের আমদানির প্রায় ৮০ শতাংশই আসে চিন থেকে, আর প্রায় ৭ শতাংশ আসে তুরস্ক থেকে।

বিশ্বের অস্ত্র আমদানিকারী দেশগুলির তালিকায় ভারতের পরেই রয়েছে সৌদি আরব ও কাতার। পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। আশ্চর্যের বিষয়, এই তালিকায় চিন অনেক পিছিয়ে—২১তম স্থানে রয়েছে তারা। যদিও চিনের আমদানির বড় অংশই আসে রাশিয়া থেকে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়ার অস্ত্র রফতানির সবচেয়ে বড় ক্রেতা দেশ এখনও ভারত। রাশিয়ার মোট অস্ত্র রফতানির প্রায় ৪৮ শতাংশই যায় ভারতের কাছে। এরপর রয়েছে চিন ও বেলারুশ, যাদের কাছে রাশিয়া প্রায় ১৩ শতাংশ করে অস্ত্র রফতানি করে।

বিশ্ব রাজনীতিতে বাড়তে থাকা সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের আবহে এই পরিসংখ্যান আন্তর্জাতিক কূটনীতি ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর