দীর্ঘ নাটক, বয়কটের হুঁশিয়ারি আর কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে আজ মাঠে গড়াতে চলেছে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান মহারণ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন—ভারতের চূড়ান্ত একাদশে কি ফিরবেন অভিষেক শর্মা? নাকি শেষ মুহূর্তে বদলে যাবে দলের সমীকরণ?
প্রেমদাসা স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবেই স্পিন সহায়ক। সেই কারণে একাদশ বাছাইয়ের ক্ষেত্রে ভারতীয় দলকে বাড়তি ভাবনাচিন্তা করতে হচ্ছে। উপরন্তু, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল। মেঘলা আবহাওয়ায় অতিরিক্ত পেসার খেলানো হবে, না কি স্পিনে ভরসা করবে দল—সেই প্রশ্নই এখন বড়।
এই অবস্থায় ভারতীয় শিবির অতিরিক্ত স্পিনার নেওয়ার কথা ভাবতে পারে। আগের ম্যাচে কুলদীপ যাদব খেলেননি, তবে পাকিস্তান ম্যাচে তাঁকে দলে নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে আর্শদীপ সিংকে বাইরে বসতে হতে পারে। দ্বিতীয় পেসারের দায়িত্ব সামলাতে পারেন হার্দিক পান্ডিয়া।
ব্যাটিং বিভাগেও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি অভিষেক শর্মা। নেটে তাঁর ফিটনেস ও অনুশীলনের ওপরই নির্ভর করছে আজকের ম্যাচে তাঁর নাম থাকা না থাকা। ম্যাচের আগের দিনও এই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে।
পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা বলেন, “অভিষেক খুব ভালো ক্রিকেটার। আমরা চাই পূর্ণ শক্তির দলের বিরুদ্ধে খেলতে।” অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “পাকিস্তান যদি চায়, অভিষেক খেলবে।”
অভিষেক ফিরলে সঞ্জু স্যামসনকে একাদশের বাইরে বসতে হতে পারে। তবে সব জল্পনার অবসান হবে টসের সময়ই, তখনই জানা যাবে ভারতের চূড়ান্ত দল।
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা, আর্শদীপ সিং/কুলদীপ যাদব।



