নজরবন্দি ব্যুরোঃ যৌথ উদ্যোগে গড়া উঠতে চলা চাবাহার রেল প্রজেক্ট থেকে কখনই সরে যায়নি ভারত। সাফ জানিয়ে দিল ইরান। তেহরান সোমবার এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে এই ধরণের ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করার পিছনে অন্য কোনও স্বার্থ ও অভিসন্ধি লুকিয়ে থাকতে পারে।
আরও পড়ুনঃ এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে মোদী সরকার!


ইরান সরকার কখনই বলেনি চাবাহার প্রজেক্ট থেকে ভারত সরে গিয়েছে, বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইরানের ভারতীয় দূতাবাস সূত্রের খবর ভারতীয় রাষ্ট্রদূত গদ্দাম ধর্মেন্দ্রকে আমন্ত্রণ জানান ইরানের সড়ক মন্ত্রকের উপমন্ত্রী ও রেল পরিবহণ মন্ত্রী সইদ রাসুলি। গোটা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে।
চাবাহার জাহেদান রেল প্রকল্পের বর্তমান কী পরিস্থিতি, তা নিয়ে আলোচনা হয়।ইরান জানিয়েছে যে, একটি ভারতীয় সংবাদমাধ্যম চাবাহার চুক্তির শর্ত গুলো না পড়েই ভুয়ো খবর ছেপে দেয়। আর এরফলেই চারিদিকে বিশৃঙ্খলা ছড়ায়। ইরান জানায়, চাবাহার রেল প্রকল্পে ভারতের এর আগে যা ভূমিকা ছিল, আগামী দিনেও সেটাই থাকবে।
ইরানের পোর্ট অ্যান্ড মারিটাইম অর্গানাইজেশ এর আধিকারিক ফারহাদ মন্তাসের বলেন, ‘ভারতকে চাবাহার রেল প্রকল্প থেকে বাদ দেওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।” উনি বলেন, চাবাহারে বিনিয়োগের জন্য ইরান ভারতের সাথে দুটি চুক্তিতে সই করেছে। একটি পোর্ট ম্যাশিনারি উপকরণ আর দ্বিতীয়টি হল ভারতের ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ। উনি জানান, চাবাহারে ভারত-ইরানের সহযোগিতায় কোন নিষেধাজ্ঞা জারি হয়নি।









