পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধই থাকছে, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

পহলগাম হামলার পর তৈরি হওয়া উত্তেজনার আবহে পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল, জারি করা হয়েছে NOTAM।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের আবহে আরও এক দফা কড়া অবস্থান নিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে আকাশপথে চাপ বাড়িয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সে দেশের সমস্ত ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করল নয়াদিল্লি। নিরাপত্তা ও কৌশলগত কারণেই এই পদক্ষেপ—এমনটাই ইঙ্গিত দিচ্ছে সরকারি সূত্র।

জারি করা নির্দেশিকা অনুযায়ী, পাকিস্তানে রেজিস্টার্ড অথবা পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কোনও বিমানই এই সময়ের মধ্যে ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্ত কার্যকর করতে আনুষ্ঠানিক ভাবে NOTAM (Notice to Airmen) জারি করেছে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।

- Advertisement -

সূত্রের খবর, পহলগাম হামলার পর এবং তার পরবর্তী সামরিক অভিযানের প্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা প্রথম আরোপ করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হল। নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এবং আঞ্চলিক পরিস্থিতির অবনতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, ভারতের এই পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান-ও। ইসলামাবাদও ভারতের বিমানগুলির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে দু’দেশের মধ্যে বিমান চলাচলে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক রুট ও উড়ান সূচিতে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তাই নয়, বরং সামরিক ও কৌশলগত অবস্থানও স্পষ্ট করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর